জান বাঁচল, গানও বাঁচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পীর গলায় টিউমার। অস্ত্রোপচার করতে গেলে স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড নষ্ট হয়ে যাবে। গান বন্ধ হয়ে যাবে চিরতরে। আবার টিউমার কেটে বাদ না দিলে মৃত্যু অনিবার্য।

এমন উভয় সঙ্কট থেকে এক অভিনব কায়দায় শিল্পীকে বাঁচিয়ে দিলেন এক চিকিত্সক। শিল্পীকে গান গাওয়ায় ব্যস্ত রেখে তাঁর ভোকাল কর্ড বাঁচিয়ে অস্ত্রোপচার করলেন তিনি। শেষ পর্যন্ত শিল্পীর গানও বাঁচল, জানও বাঁচল।

চিকিত্সা বিজ্ঞানের ইতিহাসের এই প্রথম ঘটনা সম্প্রতি ফ্রান্সে ঘটেছে। গত এপ্রিলে সফল অস্ত্রোপচার হলেও গত সপ্তাহে চিকিত্সকেরা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকান দেশ গিনির বংশোদ্ভুত আলামা কান্তে একজন পেশাদার শিল্পী। তিনি ফ্রান্সের প্যারিসে বাস করেন। ফরাসি ভাষায় গান গেয়ে ইতিমধ্যেই বেশ নাম যশ কুড়িয়েছেন।

 সম্প্রতি আলামার গলার প্যারাথাইরয়েড গ্রন্থিতে টিউমার ধরা পড়ে। কিন্তু অস্ত্রোপচার করলে ভোকাল কর্ড নষ্ট হয়ে যাবে ভেবে তিনি শঙ্কিত হয়ে পড়েন।

পরে প্যারিসের হেনরি মনডুর হাসপাতালের অবেদন ও নিবিড় পরিচর্যা বিভাগের প্রধান অধ্যাপক গাইলস ডোনিউর ভোকাল কর্ড বাঁচিয়ে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন।

অধ্যাপক গাইলস শিল্পী আলামার প্যারাথাইরয়েড গ্রন্থির পাশে ইনজেকশনের মাধ্যমে হালকা মাত্রার লোকাল অ্যানেসথেশিয়া পুশ করেন। এ সময় আলামার পাশে একজন পেশাদার হিপনোটিস্ট বা সম্মোহক রাখা হয়। অপারেশনের সময় হিপনোটিস্ট আলামাকে গান গাইতে বলেন। তীব্র যন্ত্রণায় গান গাওয়া যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সম্মোহক তাঁকে সম্মোহনের মাধ্যমে কল্পনার রাজ্যে নিয়ে যান।

অধ্যাপক গাইলস অস্ত্রোপচারের বিষয়ে বর্ণনা দিতে গিয়ে বলেন, সম্মোহক আলামাকে কল্পনা করতে বলেন, তিনি (আলামা) যেন এক সুড়ঙ্গ পথে সেনেগালের এক দূরগ্রামে হারিয়ে যাচ্ছেন। কল্পনায় এমন দৃশ্য দেখতে দেখতে আলামা গাইতে থাকেন।

গান গাওয়ার কারণে ভোকাল কর্ডগুলো সহজে চেনা যাচ্ছিল। ফলে সেগুলো বাঁচিয়ে টিউমারটি অপসারণ করা সম্ভব হয়। আলামার ওই গানটি চিকিত্সকেরা রেকর্ড করে রেখেছেন বলেও গাইলস জানান।

আলামা বলেন, অস্ত্রোপচারের সময় তিনি যে অপারেশন থিয়েটারে আছেন সম্মোহনের মাধ্যমে তা তিনি ভুলে গিয়েছিলেন। তিনি ভাবছিলেন সেনেগালের এক গ্রাম্যপথ ধরে তিনি গান গাইতে গাইতে হাঁটছেন। এ কারণে তিনি ব্যথা অনুভব করেননি।