জাপান ও গুয়ামে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি উত্তর কোরিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান ও গুয়ামে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরীয় সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডের একজন মুখপাত্র গতকাল বৃহস্পতিবার ওই হুমকি দেন। দক্ষিণ কোরিয়ার কয়েকটি সম্প্রচার কেন্দ্র ও ব্যাংকে সম্প্রতি সাইবার হামলার পেছনে পিয়ংইয়ংয়ের জড়িত থাকার সন্দেহ জোরালো হওয়ার প্রেক্ষাপটে এই অঞ্চলে উত্তেজনা বেড়ে গেছে। সম্প্রতি পিয়ংইয়ং আরও হামলার হুমকি দিলেও এভাবে হামলার সুনির্দিষ্ট লক্ষ্যস্থলের কথা উল্লেখ করেনি।গত কয়েক বছরের মধ্যে বর্তমানে কোরীয় উপদ্বীপে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলা যৌথ সামরিক মহড়ায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ যুদ্ধবিমান ও পারমাণবিক ডুবোজাহাজের ব্যবহারেও এখন ক্ষুব্ধ উত্তর কোরিয়া।উত্তর কোরিয়ার সামরিক মুখপাত্র বলেন, ‘বি-৫২ যুদ্ধবিমানে সজ্জিত গুয়ামের অ্যান্ডারসেন ঘাঁটি এবং পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ, জাপানের মূল ভূখণ্ড ও ওকিনাওয়া নৌঘাঁটির সবই আমাদের নির্ভুল লক্ষ্যস্থলের মধ্যে—বিষয়টি যুক্তরাষ্ট্রের ভুলে যাওয়া উচিত নয়।’ এএফপি।