জাপান ও যুক্তরাষ্ট্রের 'উসকানির' নিন্দা জানাল চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের মন্তব্যকে ‘উসকানিমূলক’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছে চীন৷ হেগেল গত শনিবার চীনকে ‘অস্থিতিশীল শক্তি’ বলে মন্তব্য করেন৷ খবর এএফপি ও বিবিসির৷
চীনের সেনাবাহিনীর (পিপলস লিবারেশন আর্মি) শীর্ষস্থানীয় কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ওয়াং গুয়ানঝং গতকাল রোববার বলেছেন, হেগেল ও আবের মন্তব্য ‘অগ্রহণযোগ্য’৷ বেইজিংকে আক্রমণের লক্ষ্যে তাঁরা পরস্পর ‘সমন্বিত’ উদ্যোগ নিয়েছেন৷ চীনের বিরুদ্ধে এ ধরনের অপ্রত্যাশিত সমালোচনা গ্রহণ করাটা ‘অকল্পনীয়’৷ চীন কখনো আধিপত্য বা সীমানা সম্প্রসারণ করতে চায় না৷
দক্ষিণ চীন সাগরে ‘অস্থিতিশীলতার’ জন্য বেইজিংকে দায়ী করে সিঙ্গাপুরে এশীয় নিরাপত্তা ফোরামের সম্মেলনে গত শনিবার বক্তব্য দেন হেগেল৷ আর চীনের বিরুদ্ধে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে আরও বেশি সহায়তার প্রতিশ্রুতি দেন আবে৷ সম্মেলনে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের নেতারা অংশ নিচ্ছেন৷ চীনের সঙ্গে ভিয়েতনাম ও ফিলিপাইনের সম্পর্কে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ এদিকে, পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপ এলাকা নিয়ে জাপান-চীন সম্পর্কেও অবনতি দেখা দিয়েছে৷
আঞ্চলিক সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য আবে গত শুক্রবার নিজের পরিকল্পনা এবং সম্ভাব্য বলিষ্ঠ ভূমিকার ব্যাপারে বর্ণনা দেন৷ এ ছাড়া বেইজিংয়ের কৌশল মোকাবিলার জন্য প্রতিবেশী কয়েকটি দেশকে উপকূলীয় নৌযান সরবরাহের ঘোষণাও দেন তিনি৷ তবে জাপানের নিরাপত্তার জন্য চীনা হুমকির ‘ধারণার’ জবাব দিয়েছেন বেইজিংয়ের কর্মকর্তারা৷
কোনো দেশ আন্তর্জাতিক আইন অবজ্ঞা করলে যুক্তরাষ্ট্র ছাড় দেবে না বলে সতর্ক করে দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শনিবার অভিযোগ করেন, সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ চীন সাগরে নিজের দাবি জানান দিতে চীন অস্থিতিশীলতা সৃষ্টির পথ বেছে নিয়েছে৷ তারা সেখানে একতরফা পদক্ষেপ নিচ্ছে৷
চীনের মূল ভূখণ্ড থেকে দক্ষিণ চীন সাগরের ভেতরে ‘ইউ’ আকৃতির এক বিশাল অঞ্চলকে নিজেদের বলে দাবি করে বেইজিং৷ সেখানকার কয়েকটি অংশের ওপর প্রতিবেশী দেশগুলোও নিজেদের দাবি জািনয়ে আসছে৷ এই পূর্ব চীন সাগরে চীন সম্প্রতি ‘বিমান প্রতিরক্ষা অঞ্চলের’ ঘোষণা দেয়৷ এতে ক্ষুব্ধ হয়েছে জাপান৷