জাপান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ টোকিও এবং এর আশপাশের এলাকায় অবস্থানকারী তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে শুরু করেছে। এ ছাড়া অনেক বিদেশি নিজেদের উদ্যোগে জাপান ত্যাগ করার চেষ্টা করছেন।যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠাচ্ছে। তা ছাড়া, এই পরিস্থিতিতে নতুন করে কাউকে জাপান সফরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বুধবার জাপানি প্রধানমন্ত্রী নাওতো কানকে টেলিফোন করে পরিস্থিতির খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।অস্ট্রেলিয়া ও জার্মানি তাদের নাগরিকদের টোকিও ও ক্ষতিগ্রস্ত এলাকা ত্যাগ করার পরামর্শ দিয়েছে।চীন ও ভারত তাদের নাগরিকদের বিশেষ বিমানে করে জাপান থেকে ফিরিয়ে আনতে শুরু করেছে। ফ্রান্সও তাদের নাগরিকদের টোকিও ও উত্তর-পূর্ব জাপান ত্যাগ করার নির্দেশ দিয়েছে। গত সোমবারই তারা টোকিওতে দুটি বিমান পাঠায় নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে।ভারতের তথ্যপ্রযুক্তি কোম্পানি এ অ্যান্ড টি ইনফোটেক গত বুধবার তাদের ১৮৫ জন কর্মীকে জাপান থেকে নিয়ে আসার ঘোষণা দেয়।ভারত সরকার দিল্লি-টোকিও বিশেষ বিমান চালু করেছে। যেসব ভারতীয় ভাড়া দিয়ে দেশে ফিরতে চান, তাঁদের নিয়ে আসা হবে ওই বিমানে।জাপানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত আলোক প্রসাদ জানান, টোকিও ও আশপাশের এলাকায় প্রায় ২৫ হাজার ভারতীয় আছেন। এ ছাড়া ভূমিকম্প-সুনামিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেন্দাই এলাকায় আটকে পড়া ৩০ জন ভারতীয়কে টোকিওতে নিয়ে আসা হয়েছে।জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান মোটরের ফরাসি অংশীদার পিউগেওত তাদের ২৩০ জন কর্মীকে সপরিবারে জাপান থেকে সরিয়ে আনার ব্যবস্থা করেছে। আরেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ডেইমলার তাদের ৬০ জন কর্মীর পরিবারকে জাপান থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এ ছাড়া যেসব ব্রিটিশ নাগরিক জাপান ছাড়তে চান, তাঁদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করছে ব্রিটিশ সরকার। বিমানে করে তাঁদের টোকিও থেকে হংকংয়ে আনা হবে। এদিকে বিভিন্ন দেশের প্রায় ১০ হাজার নাগরিক জাপান ছাড়ার আগে সেখানে আবার ঢোকার জন্য ভিসার আবেদন করেছেন টোকিও অভিবাসন ব্যুরোতে। গতকাল প্রায় আড়াই হাজার বিদেশি নাগরিক ব্যুরোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়ান ভিসা পাওয়ার জন্য।