যুক্তরাষ্ট্রের পর চীনের ঘোষিত ‘বিমান প্রতিরক্ষা অঞ্চলের’ আকাশসীমায় টহল দিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক বিমান। দক্ষিণ কোরিয়া ও জাপান কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেছে।
এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিমান টহলের পর ওই অঞ্চলে চীন যুদ্ধবিমান ও আগাম সতর্কবার্তা প্রেরণকারী উড়োজাহাজ পাঠিয়েছে। দেশটির গণমাধ্যম গতকাল বৃহস্পতিবার রাতে এ খবর জানিয়েছে।
চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এয়ারফোর্সের মুখপাত্র শেন জিনকের উদ্ধৃতি উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থার অধীন ও অভিন্ন আন্তর্জাতিক নিয়মনীতির সঙ্গে সংগতি রেখে’ গতকাল চীনা যুদ্ধবিমান সাধারণ তল্লাশি কার্যক্রম চালিয়েছে।
চীন গত শনিবার পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ সেনকাকু বা দিয়াওউ দ্বীপপুঞ্জ নিয়ে বিমান প্রতিরক্ষা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দেয়। চীনের ঘোষিত অঞ্চল দিয়ে কোনো বিমান যেতে হলে অবশ্যই নিয়ম মানতে হবে। চীনকে অবশ্যই জানাতে হবে বিমানটি কোন দেশের, কেন ওই এলাকায় যাচ্ছে এবং দ্বিমুখী বেতার যোগাযোগ রাখতে হবে। মোট কথা, চীন কর্তৃপক্ষের চাওয়া সব তথ্য দিতে বাধ্য থাকবে। কোনো বিমান এটা করতে অস্বীকৃতি জানালে ‘জরুরি প্রতিরক্ষাব্যবস্থা গ্রহণ করা হবে’। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান ওই নীতি লঙ্ঘন করলেও চীনের পক্ষ থেকে জরুরি প্রতিরক্ষাব্যবস্থা গ্রহণের বিষয়ে কিছু বলা হয়নি।
সেনকাকু দ্বীপপুঞ্জ বর্তমানে জাপানের নিয়ন্ত্রণে রয়েছে। তাই চীনের ওই ঘোষণার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জাপান। পূর্ব চীন সাগরে সমুদ্রসীমা নিয়ে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশের সঙ্গে বিরোধ রয়েছে চীনের। তাই চীনের ঘোষণা ওই সব দেশকেও ক্ষুব্ধ করেছে। সার্বিক পরিস্থিতিতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়োশিহাইড সুগা গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, জাপানের নৌবাহিনীর জাহাজ ও টহল বিমান পূর্ব চীন সাগরে টহল দিয়েছে। রয়টার্স, বিবিসি ও এএফপি।