চীনের প্রতি অবজ্ঞা দেখানো জাপানকে অবশ্যই শিক্ষা দিতে হবে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত দৈনিক গ্লোবাল টাইমস পত্রিকায় গতকাল বুধবার প্রকাশিত সম্পাদকীয় নিবন্ধে এ কথা বলা হয়েছে। বিরোধপূর্ণ দিয়াওউ দ্বীপ এলাকাটি জাপান সম্প্রতি কিনে নেওয়ার ঘোষণা দেয়। এতে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়ে যায়। চীন ওই এলাকায় নজরদারির জন্য দুটি জাহাজ পাঠায়। কঠোর ভাষায় লেখা ওই সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, ‘জাপানের সঙ্গে বন্ধুত্বের বিভ্রম ত্যাগ করতে হবে। স্বঘোষিত মালিকের কাছ থেকে দিয়াওউ দ্বীপ কিনে নেওয়ার চুক্তিতে জাপান সরকার গত মঙ্গলবার স্বাক্ষর করে। এই সিদ্ধান্ত ছিল চীনের সঙ্গে দেশটির সম্পর্কে একটি বড় আঘাত। এতে দুই দেশের মধ্যে ১৯৭০-এর দশকে প্রতিষ্ঠিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্পূর্ণ ভেঙে পড়েছে। এক শতকের বেশি সময় ধরে জাপানের প্রতি চীনের যে ক্ষোভ ছিল, তা মঙ্গলবার জেগে ওঠে। অপরিহার্য এই বিদ্বেষের ফলে উভয় দেশের বিরোধ আরও বাড়তে পারে।’ এতে আরও বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও অবনতির ব্যাপারে চীনকে প্রস্তুত থাকতে হবে। তাই দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় করার পরিবর্তে বেইজিংকে স্বার্থ সংরক্ষণের ওপর জোর দিতে হবে। বিবিসি।