জাপানকে সহায়তায় প্রস্তুত আন্তর্জাতিক সম্প্রদায়
জাতিসংঘ বলেছে, প্রলয়ংকরী ভূমিকম্প ও সুনামিতে মারাত্মকভাবে বিপর্যস্ত জাপানকে বিভিন্নভাবে সহযোগিতার জন্য ৪৫টি দেশ প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও জাপানকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।গত শুক্রবার জাতিসংঘের মানবিক কার্যক্রমের সমন্বয়ক ইলিয়াসবেথ বায়ারস জানান, জাপানের এই দুঃসময়ে সাহায্য করার জন্য ৪৫টি দেশের ৬৮টি উদ্ধার ও অনুসন্ধানী দল প্রস্তুত হয়ে আছে। জাতিসংঘ এখন জাপানি কর্তৃপক্ষের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। জাপান অনুমতি দিলেই দেশগুলো উদ্ধার অভিযানে ঝাঁপিয়ে পড়বে।ব্রিটেনের রানি জাপানের সম্রাট আকিহিতোর কাছে এক বার্তায় বলেন, ‘আমরা এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা করছি।’ রাশিয়া বলেছে, তারা তিনটি উদ্ধারকারী কুকুরসহ ৪০ জনের একটি সাহায্যকারী দল প্রস্তুত করে রেখেছে। সিঙ্গাপুর ও পোল্যান্ড জাপানে দমকল বাহিনীর কর্মী পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে। চীন ও সুইজারল্যান্ড উদ্ধারকারী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে। ব্রিটেন, ফ্রান্সসহ অন্যান্য দেশও সম্ভাব্য সব উপায়ে জাপানকে সাহায্য করার কথা বলেছে।জাতিসংঘের মহাসচিব বান কি মুন নিউইয়র্কে সাংবাদিকদের বলেছেন, ‘জাপানের কঠিন দুঃসময়ে আমরা সবকিছুই করব।’ তবে জাপান দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে বিশ্বের কাছে সহযোগিতা চাইবে কি না, তা এখনো স্পষ্ট নয়। এদিকে জাপানের জিজা সংবাদ সংস্থা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে জাপানের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করেছেন। তিনি জাপানকে সব রকম উপায়ে সহযোগিতার প্রস্তাব দেন।পরে এক বিবৃতিতে ওবামা বলেন, এই অগ্নিপরীক্ষার সময় যুক্তরাষ্ট্র জাপানের জনগণের পাশে থাকতে চায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, সুনামি ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানি পরমাণুকেন্দ্রের সাহায্যার্থে মার্কিন বিমান বাহিনীকে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্র জানায়, তারা প্রায় ১৫০ সদস্যের একটি উদ্ধারকারী দল জাপানের ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় পাঠাচ্ছে। সূত্র: চায়না ডেইলি, এএফপি।