জাপানবিরোধী বিক্ষোভে উত্তাল চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইজিংয়ে জাপানি দূতাবাসে গতকাল শনিবার ইটপাটকেল ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করেছে চীনা বিক্ষোভকারীরা। পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে চীনে কয়েক দিন ধরেই বিক্ষোভ চলছে। দেশটির ১২টির বেশি শহরে গতকাল জাপানবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ কোথাও কোথাও সহিংসতায় রূপ নিয়েছে। বার্তা সংস্থা এএফপির একজন ফটোসাংবাদিক জানান, চীনা পুলিশ বেইজিংয়ে জাপানি দূতাবাসের বাইরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে রাখে। তবে পুলিশ বিক্ষোভকারীদের সংযত রাখতে হিমশিম খাওয়ায় সেখানে সেনাসদস্যদের পাঠানো হয়। বিক্ষোভকারীরা সংখ্যায় কত ছিল, তার দাপ্তরিক অনুমান না থাকলেও ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিকেরা জানান, সংখ্যায় তারা দুই হাজারের বেশি হবে। দূতাবাসের আশপাশের সব রাস্তা বন্ধ করে রাখেন নিরাপত্তাকর্মীরা। এ ছাড়া বিক্ষোভকারীদের ওপর নজর রাখতে মাথার ওপরে চক্কর দেয় হেলিকপ্টার।ঘটনার সময় দূতাবাসের কাছাকাছি অবস্থানে থাকা জাপানি রেস্তোরাঁগুলো গতকাল বন্ধ ছিল। এসব রেস্তোরাঁয় বিক্ষোভকারীরা হামলা চালায়নি। তবে সেগুলোর ওপরে চীনা পতাকা উড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের কেউ কেউ ‘আমাদের দ্বীপ ফিরিয়ে দাও, জাপানি শয়তানেরা চলে যাও’ বলে স্লোগান দিতে থাকে। একজন ‘মাতৃভূমির সম্মানে আমরা অবশ্যই জাপানের সঙ্গে যুদ্ধ করব’ লেখা প্ল্যাকার্ড বহন করে।জাপান চলতি সপ্তাহে পূর্ব চীন সাগরের ব্যক্তিমালিকানার দ্বীপগুলো কিনে নেওয়ার ঘোষণা দেয়। দ্বীপগুলোর চীনা নাম দিয়াওউ এবং জাপানি নাম সেনকাকু। উভয় দেশই এগুলোর মালিকানা দাবি করে আসছে। ওই ঘোষণার পর চীনে জাপানবিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এএফপি ও রয়টার্স।