জাপানের আইনমন্ত্রী কেইসু তানাকা (৭৪) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। ১ অক্টোবর তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। একটি সংগঠিত অপরাধী চক্রের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করলেন।গত শুক্রবার বুকে ব্যথা অনুভব করলে তানাকাকে হাসপাতালে পাঠানো হয়। রাজনৈতিক তহবিল সংগ্রহ এবং একজন অপরাধীর বিয়েতে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর তাঁকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছিল।জাপানের মন্ত্রিপরিষদ সচিব ওসামু ফুজিমুরা জানান, তানাকা অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। তাঁর আরও বিশ্রামের প্রয়োজন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তানাকা স্বীকার করেন, তিনি অপরাধী চক্রের একজন সদস্যের বিয়ের ঘটকের কাজ করেছিলেন। তিনি ‘ইয়াকুজা’ নামের একটি অপরাধী চক্রের প্রধানের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তবে তিনি ওই সদস্যের ব্যাপারে জানতেন না।তানাকা স্বীকার করেন, তাঁর অফিস ২০০৬-২০০৯ সময়ের মধ্যে একটি বিদেশি প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক তহবিল হিসেবে কিছু অনুদান নিয়েছিল। তবে পরে তাঁর অফিস ওই অনুদান ফেরত দেয়।তানাকার পদত্যাগ প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার জন্য একটি বড় ধাক্কা। তানাকা তাঁর সরকারের পদত্যাগ করা দ্বিতীয় মন্ত্রী। বিবিসি।