জাপানি খাদ্যদ্রব্যের কদর কমে গেছে
জাপানি খাবার ও খাদ্যদ্রব্যের কদর কমে গেছে চীনে। কিছুদিন আগেও চীনের অভিজাত বিপণিকেন্দ্র ও জাপানি রেস্তোরাঁগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। ভূমিকম্প ও সুনামির ঘটনায় জাপানে পারমাণবিক বিপর্যয় দেখা দেওয়ার পর তেজস্ক্রিয়তা-আতঙ্ক জাপানি খাবারের প্রতি চীনাদের মোহ মুছে দিয়েছে; বিশেষ করে গত শনিবার জাপানের দুর্ঘটনাকবলিত পারমাণবিক স্থাপনার কাছে শাক ও দুধে নিরাপত্তার মাত্রা ছাড়ানো তেজস্ক্রিয়তার উপস্থিতি ঘোষণা করার পর। চীনারা এখন জাপানি খাবার মুখে তোলা দূরে থাক, নাম শুনলেই আঁতকে ওঠে। বেইজিংয়ের চাওয়াং এলাকার বিপণিবিতান ও ডিপার্টমেন্ট স্টোরে এখন জাপানি খাদ্যদ্রব্যের ক্রেতা পাওয়া ভার। একজন বিক্রয় প্রতিনিধি জানান, একসময় কোনো পণ্যে জাপানি লেবেল দেখলে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়তেন। সুযোগ বুঝে ফায়দা লুটতে একশ্রেণীর ব্যবসায়ী স্থানীয় খাদ্যদ্রব্যে জাপানি খাবারের লেবেল এঁটে বিক্রি করতেন। এখন আর সে সুযোগ নেই। চাওয়াং এলাকার একটি জাপানি রেস্তোরাঁর একজন ব্যবস্থাপক বলেন, তাঁর রেস্তোরাঁর ভোক্তাদের এ কথা বোঝাতে হিমশিম খেতে হচ্ছে, তাঁরা জাপান থেকে নয়, নরওয়ে থেকে আনা স্যামন মাছ সরবরাহ করেন। জাপানের অন্য কোনো খাদ্যও তাঁর রেস্তোরাঁয় সরবরাহ করা হয় না। সাংহাইয়ে জাপানি বিপণিকেন্দ্রগুলোতে এখন স্বাদু পানির মাছ, চিংড়ি ও কাঁকড়ার চাহিদা কমে গেছে। সামুদ্রিক মাছের চাহিদাও কমে গেছে এসব দোকানে। আগে এসব বাজারে সপ্তাহে তিন দিন সামুদ্রিক মাছ সরবরাহ করা হতো। এখন সপ্তাহে মাত্র এক দিন সরবরাহ করা হয়। তাও বিক্রি হতে চায় না। চায়না ডেইলি অনলাইন।