জাপানি জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের সদস্যরা কামানের সাহায্যে রিউ-উন মারু নামের জনশূন্য একটি জাহাজ ডুবিয়ে দিয়েছে। জাপানি ওই জাহাজ গত বছরের সুনামির পর থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অভিমুখে ভেসে চলেছিল।মার্কিন সরকারি কর্মকর্তা কিপ ওয়াডলো বলেন, আলাস্কা অঙ্গরাজ্যের সিটকা শহর থেকে প্রায় ১৯৫ কিলোমিটার দূরে জাহাজটিকে ধ্বংস করা হয়। এটি উদ্ধার করা খুবই ব্যয়বহুল হতো, তাই জাহাজটি ধ্বংস করা হয়েছে। তিনি জানান, জাহাজটিতে কোনো আলো বা বিদ্যুৎ ছিল না। অন্যান্য নৌযানের জন্য এটি বিপদের কারণ হতে পারত। ওই জাহাজে অন্তত সাড়ে সাত হাজার লিটার জ্বালানি তেল ছিল।এর আগে কানাডার একটি মাছধরা নৌকা ওই জাহাজটি উদ্ধার করতে চেয়েছিল। দেশটির সরকারি কর্মকর্তারা পরে বলেন, ২০০ ফুট উঁচু ওই ‘ভুতুড়ে জাহাজ’ টেনে নেওয়া নৌকাটির পক্ষে অসম্ভব।আলাস্কার সিনেটর মার্ক বেগিচ বলেন, জাহাজটির মালিককে খুঁজে পাওয়া গেছে। তবে তিনি এটি ফেরত নিতে অনিচ্ছুক।কানাডার ব্রিটিশ কলাম্বিয়া উপকূলে গত ২৩ মার্চ এটি প্রথম নজরে আসে। বিবিসি।