জাপানের একটি দ্বীপের কাছে দুটি রণতরীসহ সাতটি চীনা যুদ্ধজাহাজ অবস্থান নিয়েছে। গতকাল মঙ্গলবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ করেছে। এতে বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে টোকিওর সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা আরও ঘনীভূত হলো।মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ‘গতকাল সকাল সাতটার দিকে জাপানি হেলিকপ্টার থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইয়োনাগুনি দ্বীপের ৪৯ কিলোমিটার দূরে সাগরে সাতটি চীনা যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়। জাহাজগুলো প্রশান্ত মহাসাগরের উত্তর দিক দিয়ে পূর্ব চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছিল।’ জনবসতিপূর্ণ ইয়োনাগুনি দ্বীপের মালিকানা জাপানের—এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনা যুদ্ধজাহাজের মধ্যে দুটি রণতরী রয়েছে। এর মধ্যে অন্তত একটিতে ক্ষেপণাস্ত্র ধারণের সক্ষমতা রয়েছে। অন্য জাহাজগুলোর মধ্যে দুটি ফ্রিগেট, দুটি ডুবোযান উদ্ধারকারী জাহাজ ও একটি রসদ সরবরাহকারী জাহাজ রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, জাহাজগুলো নাকানোকামিশিমার ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিবদমান জলসীমায় অবস্থান করছে। এই জলসীমা জাপানের ভূখণ্ডের সামান্য বাইরে অবস্থিত এবং এটি আন্তর্জাতিক সমুদ্রবিষয়ক আইন অনুসারে পরিচালিত হয়। জাপানের প্রতিরক্ষামন্ত্রী সাতোশি মরিমোতো বলেন, ‘ওই সব জাহাজ থেকে হেলিকপ্টার আকাশে ঘোরাঘুরি করায় এই মুহূর্তে আমরা তাদের কার্যক্রম দেখছি না এবং ওই জাহাজগুলো আমাদের ভূখণ্ডের দিকে অগ্রসর হচ্ছে বা আমাদের জলসীমার মধ্যেই অবস্থান করছে বলে মনে হচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা সতর্কতা জারির পাশাপাশি ওই এলাকায় হেলিকপ্টার ও জাহাজ নিয়ে নজরদারি করছি এবং সতর্কতার সঙ্গে ওই সব চীনা জাহাজ সম্পর্কে তথ্য সংগ্রহ করছি।’চার জাপানির ওপর হামলা: চীনের সাংহাইয়ের একটি রেস্তোরাঁয় চার জাপানির ওপর হামলা চালানো হয়েছে বলে গতকাল একজন জাপানি কূটনীতিক জানিয়েছেন। ওই কূটনীতিক জানান, গত বৃহস্পতিবার একটি প্রতিষ্ঠানে ওই জাপানিরা একজন চীনা সহকর্মীকে নিয়ে সাংহাইয়ের ওই রেস্তোরাঁয় খাবার খেতে যান। এ সময় একদল লোক তাদের লাথি ও ঘুষি মারে। এ ঘটনায় চীনে অবস্থান করা জাপানি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এএফপি।