জাপানি পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম কায়োদো নিউজ ও জিজি প্রেস এ তথ্য জানায়। দেশটির বিরোধী দল মিহারার বিরুদ্ধে আইন ভঙ্গ করে অনুদান নেওয়ার অভিযোগ আনার পর তিনি এ সিদ্ধান্ত নিলেন। জাপানে বসবাসকারী একজন কোরীয় নারীর কাছ থেকে তিনি এ অনুদান নিয়েছিলেন বলে জানা যায়। মন্ত্রী মায়েহারাকে দেশটির প্রধানমন্ত্রী নাওতো কানের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের একটি অভিযোগ জাপানের মধ্য বামপন্থী বর্তমান সরকারের জন্য একটি বড় ধাক্কা। কোরিয়া জাপানের উপনিবেশ থাকার সময় থেকে দেশটিতে বেশকিছু কোরিয়ান বংশোদ্ভূত মানুষ বাস করে আসছে। এখন কোরিয়া স্বাধীন হলেও ওই জনগোষ্ঠী জাপানেই রয়ে গেছে। তারা এখনো জাপানি নাগরিকত্ব পায়নি। মায়েহারা এ রকম একজন কোরিয়ান নারীর কাছ থেকেই ওই অর্থ নেন।পররাষ্ট্রমন্ত্রী ওই কোরীয় নারীর কাছ থেকে ৫০ হাজার ইয়েন নেওয়ার কথা গত শুক্রবার স্বীকার করেন। শৈশব থেকেই তিনি ওই নারীকে চেনেন বলে জানান। এতে দেশের আইন ভঙ্গ হচ্ছে কি না, সে ব্যাপারে তিনি বুঝতে পারেননি বলেও স্বীকার করেন। বিরোধী দলগুলো বিষয়টি নিয়ে চাপ সৃষ্টি করলে পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগের সিদ্ধান্ত নেন। এএফপি।