জাপানে উচ্চকক্ষের নির্বাচন আজ
জাপানের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে আজ রোববার ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নাওতো কান গতকাল শনিবার শেষবারের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নেন। উচ্চকক্ষের এ নির্বাচনকে ক্ষমতাসীন মধ্য-বামপন্থী দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপেজে) জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এক বছরও হয়নি ডিপেজে ক্ষমতায় এসেছে। এরই মধ্যে একজন প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোইয়ামার পদত্যাগের পর গত মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন নাওতো কান। জাপানের মধ্যাঞ্চল ফুকুতে গতকাল নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী নাওতো কান বলেছেন, ‘শেষমুহূর্ত পর্যন্ত আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব।’ ক্ষমতা গ্রহণের পর জাপানের অর্থনীতি পুনরুদ্ধারের অঙ্গীকার করে আসছেন প্রধানমন্ত্রী কান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি জনগণের সমর্থন চেয়েছেন। পার্লামেন্টের উচ্চকক্ষের এ নির্বাচন জাপানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাওতো কানের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে শক্তিশালী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে কি না, তা এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে। দেশটির মন্দা অর্থনীতি ও সরকারি ঋণের মতো গভীর সংকটগুলো ডিপেজে সরকার সফলভাবে মোকাবিলা করতে পারবে কি না, তাও আজকের এ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে। নির্বাচন সামনে রেখে দেশটির সংবাদপত্রগুলো সম্প্রতি এক জরিপ পরিচালনা করে। এতে দেখা গেছে, কানের নেতৃত্বাধীন জোট সরকার উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে। সে ক্ষেত্রে পার্লামেন্টে অচলাবস্থার সৃষ্টি হতে পারে। অর্থাৎ ক্ষমতাসীন দলকে নতুন শরিক দল খুঁজতে হবে। জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের মোট ২৪২ আসনের মধ্যে আজ ১২১ আসনে নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ক্ষমতাসীন দল ডিপেজেকে অন্তত ৬০টি আসনে জয়ী হতে হবে। আর জোটের শরিক দল পিপলস নিউ পার্টি মিলে ৫৬টি আসন পেলেই চলবে। জাপানের উচ্চকক্ষের প্রতিটি নির্বাচনে মোট ১২১ আসনে ভোটাভুটি হয়। এবার মোট ৪৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এএফপি।