জাপানে এ পর্যন্ত ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে ভূমিকম্প ও সুনামিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ধীরে ধীরে জানা যাচ্ছে। গতকাল বুধবার পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ছিল তিন হাজার ৬৭৬ জন। আর এক হাজার ৯৯০ জন আহত ও সাত হাজার ৫৫৮ জন নিখোঁজ রয়েছে।দুর্যোগ-ব্যবস্থাপনা সংস্থার হিসাবমতে, এ পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে পাঁচ লাখ ৫৬ হাজার ১৩২ জনকে। এদের অধিকাংশের এখনো আশ্রয় ও ত্রাণের অভাব রয়েছে।১৬ লাখ বাড়িতে এখনো পানি সরবরাহ বন্ধ আছে এবং ছয় লাখ ২১ হাজার ৪৩৯ বাড়িতে বিদ্যুৎ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।দুর্যোগ-ব্যবস্থাপনা সংস্থা জানায়, মোট ৮০ হাজার ৪২২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে চার হাজার ৭৯৮টি।এই দুর্যোগের প্রভাব পড়েছে জাপানের অর্থনীতিতেও। টোকিও শেয়ারবাজারে গতকাল পাঁচ দশমিক ৬৮ শতাংশ দরপতন হয়েছে। এর আগের দিন মঙ্গলবার দরপতন হয় ১০ দশমিক ৫৫ শতাংশ। ২০০৮ সালের বিশ্ব আর্থিক মন্দার পর এক দিনে এত বড় পতন আর হয়নি।ব্যাংক অব জাপান এর মধ্যে ২৮ ট্রিলিয়ন ইয়েন মুদ্রাবাজারে প্রবেশ করাতে বাধ্য হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ সমস্যার কারণে বড় বড় গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন কমে গেছে।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভূমিকম্প ও সুনামির পর এ পর্যন্ত সাহায্যের প্রস্তাব দিয়েছে ১১২টি দেশ ও ২৩টি আন্তর্জাতিক সংস্থা। তবে অর্থের হিসাবে এই সাহায্যের পরিমাণ কত দাঁড়ায়, তা জানায়নি ওই মন্ত্রণালয়। এএফপি।