জাপানে এ মাসেই নতুন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান গতকাল বুধবার আবারও আভাস দিয়েছেন, শিগগিরই পদত্যাগ করবেন তিনি। সে দেশের গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে আরও বলা হয়েছে, এ মাসের শেষ দিকেই নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান। নাওতো কান গত বছরের জুন মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। গত ১১ মার্চ জাপানে ভূমিকম্প, সুনামি ও পরমাণু বিপর্যয় মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে বিরোধী রক্ষণশীল ও নিজ দলের কিছু সদস্য তাঁর পদত্যাগ দাবি করে আসছেন। কানের মন্ত্রিসভার প্রতি এখন সমর্থন প্রায় ১৫ শতাংশ কমে গেছে। নাওতো কান কয়েক সপ্তাহ আগে প্রতিশ্রুতি দেন, দেশটির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্গঠনের কাজের জন্য সম্পূরক বাজেট পাসসহ তিনটি আইন পাস করার পর পদত্যাগ করবেন তিনি। ওই সম্পূরক বাজেট গত মাসে পাস হয়েছে। অপর দুটি বিলও ২৬ আগস্টের মধ্যে পাস করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে দেশটির প্রধান দুই দল। বিল দুটি পাসের পরই প্রধানমন্ত্রী কান পদত্যাগ করবেন বলে গতকাল আবারও আভাস দিয়েছেন।নিক্কেই পত্রিকার এক খবরে বলা হয়েছে, এ মাসের শেষের দিকেই পদত্যাগ করতে পারেন নাওতো কান। দৈনিক মেইনিচি পত্রিকা জানায়, ডিপিজের জ্যেষ্ঠ সদস্যরা এ মাসের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার পরিকল্পনা করছেন। এএফপি।