জাপানে কমে যাচ্ছে মানুষ

জাপানে দিন দিন কমে যাচ্ছে মানুষ। ভবিষ্যতে তা তীব্র জনবল-সংকটের কারণ হতে যাচ্ছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশটির উন্নতির পথে বড় অন্তরায় হতে পারে।দ্য ইকোনমিস্ট-এর সাম্প্রতিক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করা হয়েছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। সমৃদ্ধি-সচ্ছলতার দেশটি চরম জন-সংকটের মুখে পড়তে যাচ্ছে। অর্থনীতির চাকা সচল রেখে সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে অভিবাসী নিয়ে যাওয়ার মতো সিদ্ধান্তও নিতে হতে পারে দেশটিকে।
গত বছর দেশটির জনসংখ্যা রেকর্ড পরিমাণ দুই লাখ ৪৪ হাজার কমেছে বলে সরকারি বিভিন্ন পরিসংখ্যানে বলা হয়েছে। ২০০৪ সাল থেকে জাপানের জনসংখ্যা কমতে শুরু করেছে। একই সঙ্গে বাড়ছে বয়স্ক ব্যক্তির সংখ্যা। দেশটির জনসংখ্যার ২২ শতাংশেরও বেশির বয়স ৬৫ বা তার চেয়ে বেশি।
সরকারের সহযোগিতায় দুই বছর আগে করা এক যৌথ প্রতিবেদনে এই বলে সতর্ক করা হয়েছে যে, জাপানের জনসংখ্যা ১২ কোটি ৭০ লাখ থেকে কমে ২০৬০ সালে আট কোটি ৭০ লাখে দাঁড়াবে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ লোক ৬৫ বা তদোর্ধ্ব হবে।
সম্প্রতি জাপানের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কর্মক্ষম জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে হলে দেশটিতে প্রতিবছর অন্তত দুই লাখ করে বিদেশিকে অভিবাসী হিসেবে আনতে হবে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উপদেষ্টা পরিষদের পরামর্শ, অভিবাসন শুরু করলে ২০৬০ সালে দেশটির জনসংখ্যা হবে ১০ কোটির কাছাকাছি।
জনসংখ্যা বাড়ানোর ক্ষেত্রে জাপানকে আরেকটি কাজ করতে হবে। তা হলো, বর্তমান প্রজনন হার ১ দশমিক ৩৯ থেকে বাড়িয়ে ২ দশমিক শূন্য ৭ করতে হবে। আর এটা করতে গেলে দেশের সামাজিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন করতে হবে বলে বিশেষজ্ঞরা বলছেন।
টোকিওতে ইক্যুইটি কৌশল নিয়ে কাজ করা ক্যাথি মাত্সুই মনে করেন, ভবিষ্যতের জনসংকট রোধ করতে গেলে কর্মজীবী মায়েদের জন্য সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। কারণ, নানা তথ্য-উপাত্তে দেখা গেছে কর্মক্ষেত্রে নারীর উপস্থিতি বৃদ্ধির সঙ্গে জন্মহার কমে যাওয়ার একটি সম্পর্ক আছে। সাম্প্রতিক জেন্ডার গ্যাপ প্রতিবেদনে দেখা গেছে, প্রজনন-সংকটের তালিকায় ১৩৬ দেশের মধ্যে জাপানের অবস্থান ১০৫।
বিষয়টি জাপানকে এতটাই ভাবিয়ে তুলেছে যে, প্রজনন হার বাড়াতে ২০০৫ সালে দেশটিতে সরকার মন্ত্রণালয়কেন্দ্রিক পদ তৈরি করেছে। এরই ধারাবাহিকতায় গত বছর ২০ সদস্যের প্যানেল বিয়ে ও সন্তান জন্ম বিষয়ে কাজের বিবরণ তৈরি করেছে। এসবের মধ্যে আছে—স্ত্রীরোগ ও প্রসূতিবিদ নিয়োগ এবং সঙ্গী-সন্ধান প্রকল্পের আওতায় অবিবাহিত নারীদের আর্থিক সহায়তা দেওয়া।
এত উদ্যোগেও যদি কাজ না হয়, তাহলে শেষ ভরসা হিসেবে অভিবাসনকেই বেছে নিতে হবে। এমন সিদ্ধান্ত নেওয়াটা দেশটির প্রধানমন্ত্রীর জন্য বেশ কঠিনই হবে। জাতিসংঘের ধারণা মতে, প্রজনন হার বাড়াতে না পারলে জাপানকে প্রতিবছর অন্তত সাড়ে ছয় লাখ করে অভিবাসীকে নিজের দেশে ঠাঁই দিতে হবে। বর্তমানে মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ অভিবাসী। এদের বেশির ভাগই চীন ও কোরিয়ার।
২০১২ সালের সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরনের নীতিগত পরিবর্তন না করলে ২১১০ সালে জাপানের জনসংখ্যা কমে চার কোটি ২৯ লাখে দাঁড়াবে। এটি বর্তমান জনসংখ্যার এক-তৃতীয়াংশ। অর্থনৈতিক ও রাজনৈতিক ভূমিকা সমুন্নত রাখতে হলে জনসংকট সমস্যার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিতে হবে। আর এই সিদ্ধান্ত নেওয়ার কাজটা বর্তমান প্রধানমন্ত্রী শিনজো আবেকে দ্রুত করতে হবে।