জাপানে ঘরে ফিরছে বন্যাদুর্গত মানুষ
জাপানে বন্যাদুর্গত মানুষ গতকাল সোমবার থেকে ঘরে ফিরতে শুরু করেছে। সম্প্রতি দেশটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে বন্যাকবলিত এলাকার হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এ সময় বন্যার পানিতে ডুবে ও ভূমিধসে চাপা পড়ে কমপক্ষে ৩২ জন মারা যায় বা নিখোঁজ হয়।টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বন্যায় লন্ডভন্ড হয়ে যাওয়া এলাকার বাসিন্দারা বেলচা দিয়ে তাদের বাড়িতে জমে থাকা কাদা পরিষ্কার করছে। এ ছাড়া মেশিনের সাহায্যে রাস্তার ওপর উপড়ে পড়া গাছ, গাছের ডালপালা ও আবর্জনা সরানো হচ্ছে।ভূমিধস ও বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যারা আটকা পড়েছে, তাদের আকাশপথে খাদ্য, খাবার পানি ও ওষুধ সরবরাহের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বয়স্ক ব্যক্তিদের হাসপাতালে পাঠাতে উদ্ধারকারী হেলিকপ্টার পাঠিয়েছে।কিউশুতে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। দ্বীপটিতে উদ্ধারকর্মীরা নিখোঁজ ছয়জনের খোঁজে তল্ল্লাশি চালাচ্ছেন।আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টি কমে এসেছে। তবে উত্তরাঞ্চলীয় কিউশু দ্বীপে আরও বৃষ্টিপাতের ফলে ভূমিধসের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এএফপি।