জাপানে ঘূর্ণিঝড় রোকের আঘাত চারজনের প্রাণহানি, নিখোঁজ ২
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রোকে’ গতকাল বুধবার জাপানে আঘাত হেনেছে। এতে প্রাথমিকভাবে চারজনের মৃত্যু এবং দুজনের নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। মাত্র এক মাস আগে ঘূর্ণিঝড় ‘তালাশ’-এর আঘাতে ১০০ জনের প্রাণহানির পর আবার নতুন করে ঘূর্ণিঝড়ের কবলে পড়ল জাপান। ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ মাইল গতিবেগে ঘূর্ণিঝড় ‘রোকে’ গতকাল গ্রিনিচ মান স্থানীয় সময় রাত দুইটায় জাপানের কেন্দ্রস্থল হামামাৎসু এলাকায় আঘাত হানে। ঘূর্ণিঝড়টি উত্তর-পূর্বাঞ্চলের হনসু দ্বীপের দিকে অগ্রসর হচ্ছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি এবং ব্যাপক বন্যার আশঙ্কায় প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ লোককে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার জন্য বলা হয়। রাজধানী টোকিওতে প্রথমে অস্থায়ীভাবে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পরই তা তুলে নেওয়া হয়।ঘূর্ণিঝড়ে মধ্য জাপান এবং পশ্চিম জাপানে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া মধ্য জাপানের গিফু এলাকায় এক স্কুলশিক্ষার্থীসহ দুজন নিখোঁজ রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা কর্তৃপক্ষ তাদের ১১ থেকে ১৫টি কারখানা সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কারখানাগুলো কেন্দ্রীয় জাপানের আইচি এলাকায় অবস্থিত। টয়োটার মুখপাত্র ডিওন কোরবার্ট বার্তা সংস্থা এএফপিকে বলেন, কারখানাগুলো গতকাল বুধবার পর্যন্ত চালু হয়নি। আজ বৃহস্পতিবারও চালু হবে কি না, সে ব্যাপারেও এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভূমিকম্প, সুনামি এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়সহ চলতি বছরে বেশ কয়েকবার প্রাকৃতিক বিপর্যয়ের শিকার জাপানে ঘূর্ণিঝড় ‘রোকে’-এর আঘাত দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এএফপি।