জাপানে টাইফুনে বন্যা-ভূমিধস, নিহত ৫

ওকিনাওয়া দ্বীপের পর টাইফুন নিউগুরি আজ বৃহস্পতিবার ভোরে জাপানের মূল ভূখণ্ডে সবেগে আঘাত হেনেছে। এতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। গাছপালা উপড়ে পড়েছে এবং ভূমিধসের কারণে অনেক বাড়িঘর মাটির নিচে চাপা পড়েছে। ১৯০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর এএফপির।
বিভিন্ন কর্মকর্তা ও প্রতিবেদন থেকে জানা যায়, এই ঝড়ে পাঁচজন নিহত ও প্রায় ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জাপানের গণসম্প্রচার কর্তৃপক্ষ এনএইচকে জানায়, টাইফুন ও প্রচণ্ড বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রায় এক লাখ ৩০ হাজার পরিবারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ইয়ামাগাতা অঞ্চলের এক নারী বলেন, আমরা ঘর থেকে যত পানি নিষ্কাশন করি না কেন, পানি আসছেই। আমরা সারা রাত জল ফেলেছি।
ওকিনাওয়া দ্বীপের স্থানীয় কর্তৃপক্ষ প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ব্যাপারে আগেই সর্বোচ্চ সতর্কতা জারি করে। প্রায় পাঁচ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয় নিতে অনুরোধ জানানো হয়।

আজ ভোরে কিওসু দ্বীপের পশ্চিমে আকুনে সিটির কাছে মূল ভূখণ্ডে নিউগুরি আঘাত হানে। এই দ্বীপে এক কোটি ৩০ লাখ মানুষের বাস।
জাপানের সবচেয়ে বড় দ্বীপ হোনসুতে নদী-নালায় বন্যার পানি উপচে পড়ছে। ভূমিধসের কারণে দ্বীপের নাগিসো টাউনে ঘরচাপা পড়ে ১২ বছর বয়সী এক শিশু মারা গেছে। কাল শুক্রবার হোনসুতে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।
গতকাল বুধবার পুলিশের এক কর্মকর্তা জানান, নাগিসো টাউন থেকে ভূমিধসের ব্যাপারে জরুরি ফোন আসার পর পুলিশ ও প্যারামেডিক সদস্যরা সেখানে ছুটে যান। সেখানে গিয়ে মাটির নিচ থেকে এক মা ও তিন সন্তানকে বের করে হাসপাতালে নেওয়া হয়। তবে ১২ বছরের শিশুটি মারা গেছে বলে চিকিত্সকেরা জানান।
গতকাল রাতভর টাইফুনের বাতাসের গতিবেগ কিছুটা কম ছিল। এখন টাইফুনের সীমার মধ্যে বাতাসের গতিবেগ ১২৬ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। টাইফুনটি ২৫ কিলোমিটর বেগে পূর্বদিকে এগিয়ে যাচ্ছে।