জাপানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
জাপানে গতকাল বৃহস্পতিবার সকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আইন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী হিসেবে শিনজো আবে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম এ ধরনের শাস্তি কার্যকর করা হলো।জাপানে ঐতিহ্যগতভাবে একসঙ্গে কয়েকজনের ফাঁসি কার্যকর করা হয়। বিগত বছর সেপ্টেম্বরে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শিল্পোন্নত গুটিকতক দেশের মধ্যে জাপান একটি, যেখানে এখনো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আইনমন্ত্রী সাডাকাজু তানিগাকি বলেন, অনেক চিন্তাভাবনার পর তিনি ফাঁসির আদেশ কার্যকরের নির্দেশ দেন। আসামিদের একজন হলেন কাউরু কোবায়াসি (৪৪)। তাঁকে সাত বছরের একটি মেয়ে শিশুকে হত্যার জন্য এই শাস্তি দেওয়া হয়। অপর দুজন হলেন মাসাহিরো কানাগাওয়া (২৯) ও কেইকি মুটো (৬২)। তাঁদেরও হত্যা অপরাধের দায়ে এই শাস্তি দেওয়া হয়। মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টির জাপান শাখা এই ফাঁসির তীব্র নিন্দা জানিয়েছে। বিবিসি।