জাপানে দাবদাহ ১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে এক সপ্তাহ ধরে চলা প্রচণ্ড দাবদাহে গতকাল শুক্রবার পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। জাপানের কয়েকটি স্থানে কিছুদিন ধরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। গতকাল শিজুকা জেলার কাওয়ানেহন শহরে সর্বোচ্চ ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ৪০টির বেশি স্থানে গতকাল ৩৫ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ছিল। জিজি প্রেস জানিয়েছে, হিটস্ট্রোকে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ভুক্তভোগীদের বেশির ভাগেরই বয়স ৬৫ বছরের ওপরে। তা ছাড়া স্কুলশিক্ষার্থীরাও আক্রান্ত হয়েছে। জিজি প্রেস আরও জানায়, দাবদাহে মৃত ব্যক্তিদের মধ্যে আছেন ৯০ বছরের এক বৃদ্ধ। তাঁর ছেলে অ্যাপার্টমেন্টের ভেতরে বাবার মরদেহ পড়ে থাকতে দেখেন। বিশেষজ্ঞরা বেশি বেশি তরল খাবার গ্রহণ ও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। এএফপি।