জাপানের নতুন অর্থমন্ত্রী হয়েছেন কোরিকি জোজিমা। মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে তাঁকে গতকাল সোমবার নিয়োগ দেওয়া হয়। তবে দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষাসহ গুরুত্বপূর্ণ অন্যান্য মন্ত্রণালয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা বলেন, মন্ত্রিসভার এই রদবদল দেশের অভ্যন্তরীণ ও কূটনৈতিক বিভিন্ন বিষয় মোকাবিলা করা সরকারের জন্য সহায়ক হবে। তা ছাড়া এতে মন্ত্রিসভার কার্যক্রমও জোরদার হবে। নতুন শিক্ষামন্ত্রী নিযুক্ত হয়েছেন মাকিকো তানাকা। তিনি সংক্ষিপ্ত মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বেইজিংয়ের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। ডেমোক্রেটিক পার্টির (ডিপিজে) এই নেত্রী ভোটারদের মধ্যেও বেশ জনপ্রিয়। চীন-জাপান বিরোধের মুখে তাঁকে শিক্ষামন্ত্রী পদে নিয়োগ দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ একটি দ্বীপ এলাকার মালিকানা নিয়ে টোকিও ও বেইজিংয়ের মধ্যে বর্তমানে টানাপোড়েন চলছে।এ ছাড়া জাতীয় নীতিবিষয়ক মন্ত্রীর পদে ডিপিজের গুরুত্বপূর্ণ নেতা সেইজি মায়েহারাকে নিয়োগ দেওয়া হয়েছে।জাপানে আসন্ন নির্বাচন ও ডিপিজে সরকারের জনপ্রিয়তা হ্রাসের মুখে মন্ত্রিসভায় এই পরিবর্তন আনা হলো। বিবিসি।