জাপানে নির্বাচন ১৬ ডিসেম্বর
সাধারণ নির্বাচন সামনে রেখে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরের আগস্ট থেকে নোদা জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনে তাঁকে বিরোধী দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নবনির্বাচিত নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।সম্প্রতি বিক্রয় কর বৃদ্ধি ও ফুকুশিমায় পারমাণবিক চুল্লি থেকে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার ঘটনায় নোদার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) জনপ্রিয়তা কমেছে। এলডিপির নেতা শিনজো আবেও তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি।আবের দল প্রত্যাশা করছে, নির্বাচনে বেশির ভাগ আসনেই তারা জয়ী হবে। তবে নির্বাচনে কে জয়ী হবেন, সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে না। জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর জাপানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার এ বিষয়ে নোদার একটি সংবাদ সম্মেলন করার কথা। বিবিসি।