জাপানে নীরবতা ও প্রার্থনার মধ্য দিয়ে সুনামির বর্ষপূর্তি পালন
জাপানে নীরবতা পালন, প্রার্থনা ও পরমাণুবিরোধী সমাবেশের মধ্য দিয়ে গতকাল রোববার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির এক বছর পূর্তি পালন করা হয়েছে।ভূমিকম্প ও সুনামিতে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল বেলা দুইটা ৪৬ মিনিটে থমকে যায় সারা দেশ। এক মিনিটের নীরবতা পালন করা হয়। স্বজনদের স্মৃতির উদ্দেশে নিবেদন করা হয় অশ্রু আর পুষ্পার্ঘ্য।গত বছরের এই দিনে বেলা দুইটা ৪৬ মিনিটে জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর ভয়াবহ সুনামির তোড়ে হাজার হাজার ঘরবাড়ি, গাড়ি কাগজের নৌকার মতো ভেসে যায়। প্রাণহানি হয় অন্তত ১৯ হাজার মানুষের। সেই হারানো মানুষের সঞ্চৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল দেশটির উত্তর-পূর্ব উপকূলের গ্রাম ও শহরগুলোতে সমবেত হয় হাজারো মানুষ। পুষ্পার্ঘ্য আর অশ্রু ঝরিয়ে স্বজনদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় তারা।জাপানের জাতীয় সংগীত পরিবেশনের পর রাজধানী টোকিওর জাতীয় থিয়েটার হলে সম্রাট আকিহিতো ও প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার নেতৃত্বে এক মিনিটের এই নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় স্মরণ অনুষ্ঠান। থিয়েটার হলের এই অনুষ্ঠানে শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বসহ অন্তত এক হাজার ২০০ জন অংশ নেন। তিন সপ্তাহ আগে হূদ্যন্ত্রে অস্ত্রোপচার হওয়া সত্ত্বেও সম্রাট আকিহিতো এই অনুষ্ঠানে যোগ দেন। সুনামিতে মৃত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্রাট বলেন, জাপান কোনো দিনও এই দুঃখময় দিনটির কথা ভুলে যাবে না; বরং এ ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মানুষের পারস্পরিক সহায়তার গুরুত্বের কথা চিরদিন বলবে।সম্রাট বলেন, ‘সুনামির বিপর্যয়ের এক বছর পরও দুর্যোগকবলিত এলাকা পুনর্গঠনের কাজে অনেক সমস্যা রয়ে গেছে। আমি আশা করি, ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে এ দেশের প্রত্যেক নাগরিক গভীর আন্তরিকতা নিয়ে দাঁড়াবে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আন্তরিক সহায়তা দেবে।’শুধু রাজধানী নয়, সারা দেশের অসংখ্য স্থানে পৃথকভাবে আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠানের। গত বছর ভূমিকম্প আঘাতের পর ফুকুশিমা এলাকার দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনার ফলে তেজস্ক্রিয় নিঃসরণের ফলে বিপর্যস্ত হয়ে পড়ে জাপান। এ সময় প্রকল্প এলাকার আশপাশ থেকে প্রায় এক লাখ ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। গতকাল ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের প্রায় ৬০ কিলোমিটার দূরে কোরিয়ামা বেসবল স্টেডিয়ামে নারী, শিশু, মানবাধিকারকর্মীসহ অন্তত ১৬ হাজার মানুষ পরমাণু প্রকল্পবিরোধী এক সমাবেশ করে। সমাবেশে বক্তারা জাপানে পারমাণবিক প্রকল্প বন্ধের দাবি জানান। এ ছাড়া ফুকুশিমার প্রকল্পের পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ারের কাছে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তাঁরা। মাসামি ইয়োশিজামা নামের এক নারী লাউড স্পিকারে চিৎকার করে বলছিলেন, ‘গত বছর আমাদের শহর আরেকটি চেরনোবিল বিপর্যয় প্রত্যক্ষ করেছে।’ ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের প্রায় ১০ কিলোমিটার দূরের নামিয়ে এলাকায় গরুর খামার ছিল ইয়োশিজামার। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনার পর তাঁর পোষা গরুগুলো মারা যায়। মৃত গরুর ছবি দেখিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন এই নারী। তিনি বলেন, ‘আমি এখনো নিজের শহরে ফিরে যেতে পারিনি। কিন্তু আমার জীবনের অন্তিম মুহূর্তে হলেও যাব সেখানে।’য়ুমিকো ওনো নামের একজন গ্রাফিক ডিজাইনার বলেন, ‘ফুকুশিমার পারমাণবিক বিপর্যয়ের ঘটনা আস্তে আস্তে ভুলে যাচ্ছি আমরা। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এখনই এ বিষয়ে বিশ্ববাসীকে জানান দিতে হবে। তা না হলে এ ধরনের দুর্ঘটনা আবারও ঘটবে।’ এএফপি ও রয়টার্স।