জাপানে পরমাণু প্রতিষ্ঠানের বিরুদ্ধে কৃষকের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ফুকুশিমা শহরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকারী সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন দেশটির কৃষকেরা। রাজধানী টোকিওতে অবস্থিত টেপকোর প্রধান কার্যালয়ের বাইরে এ বিক্ষোভে শত শত কৃষক অংশ নেন। তাঁদের বেশির ভাগই এসেছেন ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের অঞ্চল থেকে।বিক্ষোভকারীরা পরমাণু কর্মসূচিবিরোধী স্লোগান দেন। এ সময় তাঁরা সবজি, দুধ ও গরু বহন করেন। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়ায় ক্ষতির আশঙ্কায় যেসব বাঁধাকপি ও শাকসবজি বিক্রি হয়নি, তাঁরা সেগুলো নিয়ে আসেন। তেজস্ক্রিয়ায় আক্রান্ত দুটি গরুও নিয়ে আসেন তাঁরা।জাপানে গত ১১ মার্চ ভূমিকম্প ও ভূমিকম্প-পরবর্তী সুনামি আঘাত করে। এতে ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কেন্দ্রের বেশ কয়েকটি চুল্লি থেকে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে।বিক্ষোভকারীরা বলেন, ‘টেপকোকে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়া বন্ধ করতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে।’শিনজি সাকুমা নামের একজন কৃষক বলেন, ‘আমাদের গরুগুলো দিনে দিনে রোগা হয়ে যাচ্ছে। কিছু কিছু এরইমধ্যে মারা গেছে।’ তিনি জানান, ক্ষতিগ্রস্ত কেন্দ্র থেকে ২৩ কিলোমিটার দূরে তাঁর বাড়ি। ৮০টি গরু ছিল তাঁর। কিন্তু বেশির ভাগই তাঁর খামার ছেড়ে গেছে। সামান্য সময়ের জন্য কিছু কিছু খামারে ফিরে এলেও বাচ্চাদের দুধ পান করিয়ে ফিরে যায়। সাকুমা বলেন, ‘আমরা আমাদের আগের জীবনে ফিরে যেতে চাই।’এ ছাড়া ৮৭টি বেসরকারি প্রতিষ্ঠান সরকারের কাছে ‘পরমাণুমুক্ত সমাজ’ গঠনের দাবি জানিয়েছে। এএফপি।