জাপানে পরমাণু বিরোধী বিক্ষোভ
জাপানের টোকিওতে গতকাল সোমবার পরমাণুবিরোধী বিক্ষোভ হয়েছে। গত মার্চে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পরমাণুকেন্দ্র-সংকটের পর দেশটিতে পরমাণু জ্বালানি উৎপাদন বন্ধের দাবিতে ওই বিক্ষোভ হয়।আয়োজকেরা দাবি করেছেন, প্রায় ৬০ হাজার লোক ওই বিক্ষোভে অংশ নিয়েছে। বেশ কয়েকটি পরমাণুবিরোধী সংগঠনের ডাকে ওই বিক্ষোভ কর্মসূচিতে টোকিও থেকে ১৩৬ মাইল দূরের ফুকুশিমা এলাকার অনেক বাসিন্দাও যোগ দেয়।বিক্ষোভকারীরা প্রচণ্ড রোদ উপেক্ষা করে ‘আর নয় পরমাণু বিদ্যুৎকেন্দ্র, আর নয় ফুকুশিমা’ স্লোগান দিয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে রাজধানীর কেন্দ্রস্থল মেইজি পার্কে অনুষ্ঠিত সমাবেশে বিক্ষোভকারীদের উদ্দেশে নোবেলবিজয়ী ঔপন্যাসিক কেনজাবুরো ওয়ে বলেন, ‘অনেকে বলছে, পরমাণু বিদ্যুৎ ছাড়া আমাদের দেশের উন্নতি অর্জন সম্ভব নয়। কিন্তু এটা মিথ্যা কথা। বরং পরমাণুর কারণে সব সময়ই বিপর্যয় ও জীবনহানি ঘটছে।’ এএফপি।