জাপানে পারমাণবিক বিপর্যয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান গতকাল মঙ্গলবার ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক বিপর্যয়ের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। আন্তর্জাতিক স্কেল অনুযায়ী এই সতর্কতার মাত্রা ৭। পারমাণবিক বিপর্যয়ের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা সংকেত। এর আগে ১৯৮৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের কারণে এই মাত্রার সতর্কতা জারি করা হয়েছিল। এর অর্থ হলো অতিমাত্রায় তেজষ্ক্রিয়তা নিঃসরণ এবং এর ফলে মারাত্মক পরিবেশগত দূষণ। এতে অনেক মানুষের মৃত্যু হতে পারে।এদিকে গতকাল মঙ্গলবার ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে আবার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ছয় দশমিক তিন মাত্রার এই ভূমিকম্পে রাজধানী টোকিও কেঁপে ওঠে। এর আগের দিনও দেশটিতে সাত দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হানে।জাপানের পরমাণু নিরাপত্তা কমিশনের কর্মকর্তা মিনোরু ওগোদা দেশটির জাতীয় টেলিভিশনে বলেন, ‘ফুকুশিমায় পারমাণবিক বিপর্যয়ের সতর্কতা ৫ থেকে বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা ৭-এ উন্নীত করা হয়েছে।’ তিনি বলেন, ‘শাক-সবজি, বাতাস, ট্যাপের পানি ও সাগরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কারণে আমরা সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছি।’ জাপানের প্রধানমন্ত্রী নাওতা কানের কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার মাত্রা নির্ধারণ ও পরিমাপ করতে দেরি হওয়ায় সতর্কতাসংকেত বাড়াতে এক মাস সময় লেগে গেছে। তিনি বলেন, ‘সংকেত উন্নীত করার আগে থেকেই আমরা বিষয়টিকে খুবই গুরুতর হিসেবে বিবেচনা করেছি।’ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানায়, কেন্দ্রের চার নম্বর চুল্লির কাছের ভবনে ব্যাটারির বাক্সে আগুন ধরে যায়। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টা ৩৮ মিনিটে তা নজরে আসে। সাত মিনিট পরই আগুন নিভিয়ে ফেলা হয়। গতকালের ভূমিকম্পের কারণে এই আগুন লাগে কি না তা স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।জাপানের পরমাণু নিরাপত্তা কমিশনের মুখপাত্র হিদেহিকো নিশিইয়ামা বলেন, ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে কী পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছে, সঠিক তথ্য পাওয়ার আগে আমরা তা প্রকাশ করব না। তিনি বলেন, চেরনোবিল কেন্দ্রে যেমন বিস্ফোরণ ঘটেছিল, ফুকুশিমায় তেমন বিস্ফোরণ ঘটেনি। যদিও এখানে হাইড্রোজেন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তার পরও বলা যায়, চেরনোবিল থেকে ফুকুশিমার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।টেপকোর মুখপাত্র জুনিচি মাতসুমোতো বলেন, ফুকুশিমা থেকে কী পরিমাণ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে তা পরিমাপের কাজ চলছে। তিনি স্বীকার করেন, এর পরিমাণ চেরনোবিলের পরমাণু কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার চেয়ে বেশি হতে পারে।এদিকে জাপানের কর্মকতারা জানান, গতকাল মঙ্গলবার সকালে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হানলেও সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান জানায়, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ছয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ফুকুশিমা শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। টেপকো জানায়, গতকালের ভূমিকম্পের পর ফুকুশিমা দাইচি ও দিয়ানি পারমাণবিক কেন্দ্র থেকে সব শ্রমিক ও প্রকৌশলীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। টেপকোর একজন মুখপাত্র জানান, কোম্পানিটি এখন দুটি কেন্দ্রের পরিস্থিতি পরীক্ষা-নিরীক্ষা করছে। গত সোমবারও জাপানের পূর্বাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর সুনামি সতর্কতা জারি করে পরে তা প্রত্যাহার করা হয়। এএফপি, বিবিসি, দ্য ইনডিপেনডেন্ট, রয়টার্স।