জাপানে প্রতিরক্ষাব্যবস্থা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে জাপান। তারা রাজধানী টোকিও ও পূর্ব চীন সাগরে মোতায়েন করেছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সরঞ্জাম।আগামী ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে মহাকাশে রকেট উৎক্ষেপণের পরিকল্পনা নিয়েছে উত্তর কোরিয়া। এ ব্যাপারে পিয়ংইয়ং জানিয়েছে, আগামী ১৫ এপ্রিল দেশটির প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সুংয়ের জন্মশত বার্ষিকী উপলক্ষে তারা শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার জন্য কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপন করবে। তবে জাপানের আশঙ্কা, রকেট উৎক্ষেপণের কথা বলে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে।বিশ্লেষকদের মতে, গত ডিসেম্বরে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের শাসক ও বাবা কিম জং ইলের মৃত্যুর পর তাঁর ছেলে তরুণ কিম জং উন দেশবাসীর কাছে তাঁর বিশ্বাসযোগ্যতা বাড়াতে চাইছেন। সফলভাবে কৃত্রিম উপগ্রহ স্থাপনের মাধ্যমে তাঁর ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার সম্ভাবনা আছে। উত্তর কোরিয়ার ওই প্রচেষ্টার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা বলেছে, এটি একটি গোপন ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং জাতিসংঘের অনুমোদনের বিরোধী।এমনকি উত্তর কোরিয়ার প্রধান মিত্র বেইজিংও উদ্বেগ প্রকাশ করে তাদের বিরত থাকার আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচির বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ‘কোরিয়া উপদ্বীপের সামপ্রতিক ঘটনায় চীন উদ্বিগ্ন।’ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গতকাল রোববার তিনি জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।এ অবস্থায় উত্তর কোরিয়ার ওই ‘রকেট’ জাপানের ভূখণ্ডের জন্য হুমকি মনে হলে তা ধ্বংস করার সবুজ সংকেত দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইওশিকো নোদা।উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা থেকে বৃহত্তর টোকিও এলাকাকে রক্ষায় গত শনিবার টোকিওর কেন্দ্রস্থলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র বিধ্বসী ক্ষেপণাস্ত্র ‘প্যাট্রিয়ট’ মোতায়েন করা হয়। এ ছাড়া দুটি সামরিক ঘাটিতে আরও দুটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এএফপি।