জাপানে প্রবল তুষারপাত, ৫৭ জনের মৃত্যু
গত এক সপ্তাহের প্রবল তুষারপাতের কারণে জাপানে কমপক্ষে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পরিবহনব্যবস্থা অচল হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ কথা জানায়।বাড়ির ছাদ ও রাস্তা থেকে তুষার সরাতে গিয়ে ৪৩ জন, একটি ভবন থেকে পড়া তুষারের নিচে চাপা পড়ে সাতজন, পাহাড়ের শিখর থেকে পড়া হিমধসে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঠান্ডাজনিতে রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত কয়েক বছরের মধ্যে চলতি বছর জাপানে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে। ব্যাপক তুষারপাতও হয়েছে। পাহাড়ের ওপর থেকে পড়া তুষারের কারণে দেশটির উত্তরাঞ্চলের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। জাপানের একেবারে উত্তর দিকের দ্বীপ হোক্কাইডো এবং অন্যতম প্রধান দ্বীপ হনসুতে ব্যাপক তুষারপাত হয়েছে।পুলিশের একজন মুখপাত্র জানান, তুষারে নিচে কেউ যাতে আটকা পড়ে না থাকে, সে জন্য স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।’গতকাল সুকায়ার উত্তরে জেলা আমোরিতে তাপমাত্রা মাইনাস ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আমোরিতে চার মিটার এবং ইমাগাতা ও নিগাতায় তিন মিটার করে তুষারপাত হয়েছে।দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার কারণে ওই সব এলাকায় বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া বুলেট ট্রেনসহ অন্যান্য ট্রেন দেরিতে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এএফপি।