জাপানে বিতর্কিত পারমাণবিক চুল্লি চালুর কাজ শুরু
বিরোধিতা সত্ত্বেও জাপান গতকাল শনিবার বিতর্কিত পারমাণবিক চুল্লি চালুর কাজ শুরু করেছে। গত বছরের মার্চে ভূমিকম্প ও সুনামির কারণে সৃষ্ট ভয়াবহ বিপর্যয়ের পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে জাপানজুড়ে বিক্ষোভ শুরু হয়। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা কানসাই ইলেকট্রিক পাওয়ার কোম্পানিকে (কেপকো) তাদের ‘ওই’ নামের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা দুটি চুল্লি চালু করতে বলেছেন। গ্রীষ্মে বিদ্যুৎসংকট মোকাবিলার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন। ‘ওই’ বিদ্যুৎকেন্দ্র থেকে জাপানের পশ্চিমাঞ্চলীয় শিল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। কেপকোর কর্মকর্তারা জানান, ওসাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী একটি চুল্লি চালুর প্রস্তুতিমূলক কাজ গতকাল বেলা আড়াইটার শুরু হয়। ধারণা করা হচ্ছে, চুল্লিটি আগামী ৪ জুলাই নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। অন্য চুল্লিটি চালুর কাজ ২১ জুন শুরু হবে। এএফপি।