জাপানে মূল্যবান খনিজ মাটির বিশাল মজুদ
সমুদ্রতলে বিশেষ ধরনের খনিজ মাটির বিশাল মজুদের সন্ধান পেয়েছে জাপান। দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সঞ্চিত থাকা ওই খনিজ মাটি আগামী ২০০ বছর দেশটির উচ্চ প্রযুক্তি শিল্পে কাঁচামাল জোগানোর জন্য যথেষ্ট। জাপানের একজন বিজ্ঞানী গতকাল শুক্রবার এ দাবি করেছেন। ইয়াসুহিরো কাতো নামের ওই বিজ্ঞানী জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি বলেন, জাপানের পূর্ব উপকূলীয় মিনামিতোরিশমা দ্বীপের কাছে সমুদ্রতলে কমবেশি ৬৮ লাখ টন খনিজ মাটি রয়েছে। মূল্যবান এই খনিজ বৈদ্যুতিক গাড়ি, আইপড এবং লেজার তৈরিতে ব্যবহূত হয়।অধ্যাপক কাতো জানান, টোকিও থেকে দুই হাজার কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ওই দ্বীপটির কাছে সমুদ্রের তলে মাটির ১৮ হাজার ৩০০ ফুট নিচ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে খনিজ মাটির যে সঞ্চয় রয়েছে, তা জাপানের শিল্পকারখানায় প্রতিবছর ব্যবহূত পরিমাণের প্রায় ২২০ গুণ। সেখানে বিরাট পরিমাণে ডিসপ্রজিয়াম রয়েছে। ডিসপ্রজিয়াম হচ্ছে এক প্রকার বিরল খনিজ, যা হাইব্রিড গাড়ির ইঞ্জিন তৈরিতে ব্যবহূত হয়।বিজ্ঞানী কাতো জানান, জাপান বর্তমানে যে হারে ডিসপ্রজিয়াম ব্যবহার করে, সেই হিসাব ধরলে ওই স্থানে আগামী ৪০০ বছরের ডিসপ্রজিয়াম সঞ্চিত রয়েছে বলে তাঁর অনুমান। তিনি আরও বলেন, ‘আমরা তেল উত্তোলনের প্রযুক্তি ব্যবহার করেই সেখানে খননকাজ শুরু করতে পারি। পাঁচ বছরের মধ্যেই বিরল ওই খনিজ মাটি উত্তোলন শুরু করা যাবে।’বৈদ্যুতিক গাড়ি, আইপড, লেজার ছাড়াও শক্তিশালী চুম্বক, ব্যাটারি, এলইডি লাইট, উইন্ড টারবাইন এবং ক্ষেপণাস্ত্রের মতো অত্যাধুনিক যন্ত্রপাতি তৈরিতে ব্যবহূত হয় খনিজ মাটি। বর্তমানে বিশ্বের মোট সরবরাহের ৯০ ভাগ খনিজ মাটিই উৎপাদন করে চীন। অবশ্য, দেশটি পরিবেশ রক্ষার অজুহাতে সম্প্রতি এই খনিজ রপ্তানি কমিয়ে দিয়েছে। তবে জাপান, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের দাবি, চীন তার নিজস্ব শিল্পকারখানাগুলোকে অন্যায্যভাবে সুবিধা করে দিতে ওই পদক্ষেপ নিয়েছে। এএফপি।