জাপানে সুড়ঙ্গ ধসে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে গতকাল রোববার একটি প্রধান সড়ক-সুড়ঙ্গ ধসে পড়েছে। এর ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় দুটি গাড়ি চাপা পড়ে একটিতে আগুন ধরে গেলে এই ব্যক্তিরা মারা যান। অন্তত আরও এক ব্যক্তি চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় গতকাল সকাল আটটার দিকে ইয়ামানাশি এলাকার চুয়ো এক্সপ্রেসওয়ের সাসাগো সুড়ঙ্গে ওই দুর্ঘটনা ঘটে। সুড়ঙ্গের কংক্রিটের প্রায় ১০০ মিটার অংশ ভেঙে গেছে। সুড়ঙ্গটি রাজধানী টোকিও থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সাসাগো জাপানের বৃহত্তম সুড়ঙ্গের একটি।দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা তৎপরতা শুরু করেন। কিন্তু সুড়ঙ্গের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে থাকায় তাঁদের অভিযান ব্যাহত হয়। একপর্যায়ে সুড়ঙ্গের আরেকটি অংশ ধসে পড়ার আশঙ্কা দেখা দিলে উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টার জন্য কাজ বন্ধ রাখেন। স্থানীয় ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা প্রাথমিকভাবে সুড়ঙ্গের ভেতরে ঠিক কতজন ও কতগুলো গাড়ি আটকা পড়েছে, তা জানাতে না পারলেও পরে সেখান থেকে ওই পাঁচজনের মৃতদেহ বের করে আনা হয়। দুর্ঘটনার কারণে টোকিওর বাইরের এই গুরুত্বপূর্ণ সুড়ঙ্গ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সুড়ঙ্গটি চার কিলোমিটারের কিছু বেশি লম্বা। এএফপি ও বিবিসি।