জাপানে ২০০ শতায়ু ব্যক্তি নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে প্রায় ২০০ জন শতায়ু ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানান।পশ্চিমাঞ্চলীয় কোবে শহরের একজন কর্মকর্তা জানান, ওই শহরে শতায়ু মানুষের সংখ্যা ৮৪৭। তাঁদের মধ্যে ১০৫ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে অনুসন্ধান চলছে। শতায়ু আরও ২২ জন কয়েক বছর ধরে চিকিত্সা-বিমার অর্থ নিচ্ছেন না।সরকারি হিসাব অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে দেশের সবচেয়ে বেশি বয়সী ছিয়েনো হাসেগাওয়ার (১১৩)। দক্ষিণাঞ্চলীয় সাগা এলাকায় থাকেন তিনি।জাপানে বয়স্ক ব্যক্তিরা সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। ধারণা করা হচ্ছে, বয়স্ক ব্যক্তি মারা গেলেও কর্তৃপক্ষকে সে খবর না জানিয়ে স্বজনেরা সরকারি সুযোগ-সুবিধা নিচ্ছে। পদ্ধতিগত দুর্বলতার জন্যই তাঁরা সরকারকে সহজে ধোঁকা দিতে পারছে। এ কারণে শতায়ু এত লোক নথিভুক্ত থাকলেও বাস্তবে হয়তো নেই।সোগেন কাতো নামের এক ব্যক্তির ১১১তম জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন কর্মকর্তারা, কিন্তু তাঁকে জীবিত পাননি তাঁরা। পেয়েছেন তাঁর মমি করা মৃতদেহ। পরে জানা যায়, ৩০ বছর আগেই তিনি মারা গেছেন।এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ৩০ বছর ধরে সরকার কাতোর ব্যাংক হিসাবে স্বাস্থ্য ও চিকিত্সা-বিমাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাবদ প্রাপ্য অর্থ জমা দিয়ে এসেছে। ছয় বছর আগে কাতোর স্ত্রী মারা যান। এই ছয় বছরে বিধবা-ভাতা হিসেবে তাঁর ব্যাংক হিসাবে ৯৫ লাখ ইয়েন জমা হয়েছে। এর মধ্যে কিছু অর্থ সম্প্রতি তোলা হয়।এ ধরনের ঘটনার পর স্থানীয় সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন শত বছরের বেশি বয়সী হিসেবে নিবন্ধিত লোকদের সঙ্গে সরাসরি দেখা করে বিষয়টি নিশ্চিত করেন। সবশেষ হিসাব অনুযায়ী জাপানে শতায়ু মানুষের সংখ্যা ৪০ হাজারের বেশি।ওসাকা শহরের ৮৫৭ জন শতায়ুর মধ্যে ৬৪ জনের খোঁজ মিলছে না বলে কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছেন। ১২৭ বছর বয়সী হিসেবে নিবন্ধিত এক ব্যক্তি ৩০ বছর আগে মারা গেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিতাকায়সু শহরেও ১০ জন শতায়ুর হদিস মিলছে না। গত জুলাইয়ের সরকারি প্রতিবেদন অনুযায়ী, জাপানে নারীর গড় বয়স ৮৬ বছর এবং পুরুষের ৭৯ বছর। এএফপি।