চীনের নৌবাহিনীর জাহাজ থেকে গত মাসে দুবার জাপানের রণতরির ওপর রাডার নিয়ন্ত্রণ আরোপ করা হয় বলে জাপানের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, তা অস্বীকার করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, জাপানের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। পূর্ব চীন সাগরে উত্তেজনা না বাড়াতে জাপানের প্রতি আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।তবে জাপান বলেছে, রাডার নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি নিয়ে চীন যে ব্যাখ্যা দিয়েছে, তা ঠিক নয়।পূর্ব চীন সাগরে একটি দ্বীপপুঞ্জ নিয়ে সাম্প্রতিক সময়ে জোরালো বিরোধে জড়িয়ে পড়েছে চীন ও জাপান। বর্তমানে জাপানের দখলে থাকা ওই দ্বীপপুঞ্জটিকে সে দেশে সেঙ্কাকু নামে অভিহিত করা হয়। চীন এই দ্বীপপুঞ্জটির মালিকানা দাবি করে আসছে। চীনে দ্বীপটিকে ডাকা হয় দাইয়ু নামে। এ ছাড়া তাইওয়ানও দ্বীপপুঞ্জটির মালিকানা দাবি করে।গত সেপ্টেম্বরে এই বিরোধ নতুন মাত্রা পাওয়ার পর থেকে চীনের নৌবাহিনীর জাহাজ দ্বীপপুঞ্জের আশপাশের জাপানের জলসীমার মধ্যে মাঝেমধ্যে ঢুকে পড়ছে বলে অভিযোগ করা হচ্ছে টোকিওর পক্ষ থেকে।গত সপ্তাহে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোদেরা অভিযোগ করেন, গত ৩০ জানুয়ারি চীনের একটি রণতরি দ্বীপপুঞ্জের পাশে জাপানের জলসীমার মধ্যে ঢুকে পড়ে এবং এটি থেকে রাডারের মাধ্যমে জাপানের রণতরির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এর আগে ১৯ জানুয়ারি একইভাবে জাপানের একটি সামরিক হেলিকপ্টারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয় বলেও তিনি অভিযোগ করেন।তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিটি ঘটনায় চীনা জাহাজ সাধারণ পর্যবেক্ষণব্যবস্থা ব্যবহার করেছে এবং জাপান যেমনটি বলছে, সে ধরনের রাডার ব্যবহার করা হয়নি। বিবিসি।