জাপানের অর্থনীতির হাল ফেরাতে চান নোদা
জাপানের নাজুক অর্থনৈতিক অবস্থার হাল ফেরাতে চান দেশটির নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা। গতকাল শুক্রবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আর দায়িত্ব নেওয়ার পরই এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জাপানের সাধারণ জনগণের আর্থিক অবস্থার উন্নতি করতেই হবে। আর এ কাজে নষ্ট করার মতো কোনো সময় আমাদের হাতে নেই। তবে কোনো তত্ত্ব নয়, জাপানের চাপের মুখে থাকা অর্থনীতির উন্নয়ন ঘটাতে সরকারকে অনেক বেশি বাস্তববাদী হতে হবে। দেশবাসীর ওপর উচ্চ কর আরোপের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, বাস্তবতা বুঝে তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।প্রধানমন্ত্রী নোদা জাপানের অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার ভার তুলে দিয়েছেন অপেক্ষাকৃত কম অভিজ্ঞতাসম্পন্ন একজন আইনপ্রণেতার হাতে। নোদা তাঁর ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) গুরুত্বপূর্ণ কোনো রাজনীতিবিদকে অর্থমন্ত্রীর এ দায়িত্ব দেননি। বরং অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তুলনামূলকভাবে অপরিচিত ৪৯ বছর বয়সী জুন আজুমিকে। তিনি এর আগে পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের প্রধানের দায়িত্ব পালন করেছেন।এদিকে অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া জুন আজুমিকে নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়েছে। তাঁরা মনে করছেন, নোদা তুলনামূলক অনভিজ্ঞ একজনের কাঁধে দেশটির বিপর্যস্ত অর্থনীতি সামলানোর দায়িত্ব তুলে দিয়েছেন। এনএলআই রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ কোইচি হাজি বলেছেন, জুন আজুমির সঙ্গে প্রধানমন্ত্রী নোদার সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ হবেই। এশিয়ান ফোরাম জাপানের নির্বাহী পরিচালক কাতশুহিকো নাকামুরা মনে করেন, জাপানের অর্থমন্ত্রী হিসেবে জুন আজুমি মাঝারি মানের।প্রধানমন্ত্রী নোদার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাপানের বিপর্যস্ত অর্থনীতি। তবে যেহেতু নোদা দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তাই তাঁর পক্ষে এ কাজ করা খুব কঠিন হবে না বলে বিশ্লেষকেরা মনে করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সবচেয়ে বড় পুনর্গঠনের কাজ তাঁকে করতে হবে। কারণ ভূমিকম্প ও সুনামি দেশের একাংশের অবকাঠামো দুমড়েমুচড়ে দিয়ে গেছে। এর ওপর ওই দুর্যোগের পর নতুন দুর্যোগ হিসেবে আবিষ্কৃত হওয়া পারমাণবিক সংকট নিয়ে দেশে যে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে, তার একটি গ্রহণযোগ্য সমাধান তাঁকে করতে হবে। এ ছাড়া দলের অভ্যন্তরীণ কোন্দল মীমাংসা করাও হবে তাঁর জন্য একটি বড় চ্যালেঞ্জ।রক্ষণশীল অর্থনীতির সমর্থক ৫৪ বছর বয়সী নোদা চান, দেশের বন্ধ হয়ে যাওয়া পারমাণবিক চুল্লিগুলো নতুন করে চালু করতে। বিদায়ী প্রধানমন্ত্রী নাওতো কান যে পরমাণুমুক্ত জাপান গড়ার আহ্বান জানিয়েছিলেন, নোদা তা সমর্থন করেন না।এ ছাড়া মন্ত্রিসভার অন্য সদস্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কোইচিরো গেম্বা। তিনি সদ্য সাবেক মন্ত্রিসভায় জাতীয় নীতিবিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়োশিয়ো হাচিরো। তিনিও সাবেক পার্লামেন্ট-বিষয়ক প্রধান। জাপানের জাতীয় জ্বালানি নীতি প্রণয়নের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। এ ছাড়া পরিবেশমন্ত্রী হচ্ছেন গোশি হোসোনো, জাতীয় নীতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোতোহিসা ফুরুকাওয়া। নতুন মন্ত্রিসভায় দুজন নারীও স্থান পেয়েছেন। তাঁরা হলেন রেনহো ও ইয়োকো কোমিয়ামা। রয়টার্স, এএফপি, বিবিসি।