জাপানের নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করলেন কান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নাওতো কান গতকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি ‘শক্তিশালী দেশ’ গড়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের অঙ্গীকার করেন। গতকাল রাতেই প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যদের সম্রাট আকিহিতোর কাছে শপথ নেওয়ার কথা।প্রধানমন্ত্রী কান তাঁর পূর্বসূরি ইউকিয়ো হাতোইয়ামার মন্ত্রিসভার ১৭ সদস্যের মধ্যে ১১ জনকেই বহাল রেখেছেন। তাঁদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী কাটসুয়া ওকাদা ও প্রতিরক্ষামন্ত্রী তোশিমি কিতাজাওয়াও রয়েছেন। মন্ত্রিসভার নতুন সদস্যদের মধ্যে আলোচিত নাম রেনহো। ৪২ বছর বয়সী সাবেক এই মডেল ও টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপিকা প্রশাসনিক সংস্কারবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন।নাওতো কান বলেন, জাপানকে বলিষ্ঠ দেশ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই ঘাঁটির ব্যাপারে জাপান ও যুক্তরাষ্ট্র একটি চুক্তি করেছে। আমরা ওই চুক্তি অনুযায়ী কাজ করব। তবে ওই ঘাঁটির জন্য ওকিনাওয়ার জনগণ যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা কমানোর পদক্ষেপ নেওয়া হবে।’গত চার বছরে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী হলেন নাওতো কান। বিদায়ী প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোইয়ামা গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে দেশটির ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন ঘাঁটি সরানোর প্রতিশ্রুতি দেন। ওই প্রতিশ্রুতি থেকে সরে আসায় কঠোর সমালোচনার মুখে পড়ে সম্প্রতি তিনি পদত্যাগ করেন। ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) প্রধানের পদও ছেড়ে দেন হাতোইয়ামা। পরে ডিপিজের প্রধান ও জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন হাতোইয়ামার মন্ত্রিসভার অর্থমন্ত্রী নাওতো কান। এএফপি।