জাপানের নতুন সরকারের যাত্রা শুরু আজ
জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কান সবকিছু নতুন করে শুরু করার অঙ্গীকার করেছেন। নিজ রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপেজে) নেতৃত্বে পরিবর্তন এনে গতকাল সোমবার তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। আজ মঙ্গলবার তাঁর নেতৃত্বে জাপানের নতুন সরকার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে গতকাল এক জনমত জরিপে দেখা গেছে, কানের জনপ্রিয়তা ৬০ শতাংশ ছাড়িয়ে গেছে। টেলিভিশন চ্যানেল টোকিও ব্রডকাস্টিং সিস্টেম এ জনমত জরিপ পরিচালনা করে। এতে দেখা গেছে, কানের প্রতি সাধারণ মানুষের সমর্থন ৬৬ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিষয়ক অধ্যাপক তেতসুরো কাতো বলেছেন, ‘উচ্চকক্ষের নির্বাচন সামনে রেখে কান ও ডিপেজে দলের এই জনসমর্থন ইতিবাচক। তবে মার্কিন সামরিক ঘাঁটির মতো বিতর্কিত বিষয়গুলোর এখনো সমাধান হয়নি। তাই নতুন মন্ত্রিপরিষদ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।’ডিপেজের মহাসচিব ইচিরো ওজাওয়াকে গতকাল দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোইয়ামার সঙ্গে গত সপ্তাহে তিনিও পদত্যাগ করেন। ওজাওয়াকে বহিষ্কারের ব্যাপারে নতুন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন দলের সাংসদেরা। নাওতো কান বলেছেন, ‘আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী হাতোইয়ামার লক্ষ্য পূরণের চেষ্টা আমরা অব্যাহত রাখব।’ তিনি বলেন, ‘একটি স্থিতিশীল সরকার গঠনে আমাদের অবশ্যই উচ্চকক্ষে জয়ী হতে হবে। আমি চাই, দলের সব সদস্য ঐক্যবদ্ধ থাকুক এবং এ বিজয় নিশ্চিত করুক।’ এ সময় ডিপেজের সাংসদেরা ‘আমরা লড়ব! আমরা লড়ব’ বলে স্লোগান দেন। সম্রাট আকিহিতো শপথবাক্য পাঠ করানোর পর নতুন প্রধানমন্ত্রী কান আজ তাঁর মন্ত্রিপরিষদের সদস্যদের নাম ঘোষণা করবেন। ধারণা করা হচ্ছে, হাতোইয়ামা সরকারের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রীকে কান তাঁর মন্ত্রিপরিষদে বহাল রাখবেন। তাঁদের মধ্যে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদা, প্রতিরক্ষামন্ত্রী তশিমি কিতাজাওয়া ও পরিবহনমন্ত্রী সিজি মায়েহারা। এ ছাড়া কানের সাবেক ডেপুটি ৫২ বছরের ইয়োশিহিকো নোদাকে অর্থমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন বিমান-ঘাঁটি সরিয়ে নেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হওয়ায় গত সপ্তাহে প্রধানমন্ত্রী হাতোইয়ামা পদত্যাগ করেন।