জাপানের প্রতি কোরিয়া, চীন ও তাইওয়ানের তীব্র তিরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াসুকুনি সমাধিস্থলে শিনজো আবের শ্রদ্ধা নিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান। ছবি: রয়টার্স
ইয়াসুকুনি সমাধিস্থলে শিনজো আবের শ্রদ্ধা নিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান। ছবি: রয়টার্স

যুদ্ধাপরাধীদের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপনের কারণে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ কোরিয়া, চীন ও তাইওয়ান। আবে আজ বৃহস্পতিবার ইয়াসুকুনি সমাধিস্থলটিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সিউল জানায়, ওই ‘ঘৃণিত’ কাজ করায় তারা ভীষণ ক্ষিপ্ত হয়েছে এবং বেইজিং আবের ওই সফরকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ অভিহিত করে জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

বিবিসি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ও কিছু আগে জাপানের সামরিক আধিপত্যের প্রতীক বলে বিবেচিত হয় ইয়াসুকুনি সমাধিস্থলটি। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, শিনজো আবের সফর ওই অঞ্চলে ‘উত্তেজনা বাড়াবে’।

বর্তমানে পূর্ব চীন সাগরের অধিকার নিয়ে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে গভীর উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, এ ঘটনাটি দেশ তিনটিতে উগ্র জাতীয়তাবাদকে উসকে দেবে।

বিতর্ক ও সমালোচনা

ইয়াসুকুনিতে প্রধানমন্ত্রী হিসেবে শিনজো আবের এটই প্রথম সফর। তাঁর এ সফরের পুরোটা জাপানের টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়।

ওই সফরকে যুদ্ধবিরোধী আখ্যা দিয়ে আবে বলেন, ‘কোরীয় ও চীনা জনগণের অনুভূতিতে আঘাত দেওয়ার আদৌ কোনো ইচ্ছা তাঁর ছিল না।’

জাপানের কর্মকর্তারা বলছেন, আবে ব্যক্তিগতভাবে ওই অঞ্চলে সফর করেছেন। তিনি সরকারের প্রতিনিধি হিসেবে ওই সফর করেননি।

জাপ কর্মকর্তাদের এমন বক্তব্যের পরও বেইজিং জাপানি রাষ্ট্রদূতকে ডেকে ‘তীব্র প্রতিবাদ’ জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুইন গ্যাঙ বলেন, ‘বেইজিং তীব্র নিন্দা জানিয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে এ সফর বড় বাধা বলে বিবেচিত হবে। জাপান যা ঘটাল, অবশ্যই তাকে এর মাসুল গুনতে হবে।’

চীনের মতো একই ভাষায় প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লিন টোকিওর উদ্দেশে বলেন, ‘প্রতিবেশীদের অনুভূতিতে আঘাত না করে নিজের দিকে তাকান।’

বিশ শতকের শুরুতে জাপান নিজেকে সম্রাটের অধীনে একটি সামরিক রাষ্ট্র হিসেবে দাঁড় করায়। ওই সময় জাপানের সম্রাটকে ঈশ্বর বলে বিবেচনা করা হতো এবং লোকেরা তাঁকে পূজা করত। ওই সময় জাপান কোরিয়া, তাইওয়ান ও চীনের বেশির ভাগ অংশ দখল করে নিয়েছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোরীয় নারীদের যৌনদাসীতে পরিণত করে জাপ বাহিনী। এছাড়া তারা চীনে গণহত্যাও চালায়।

পূর্ব এশিয়ার দেশগুলোর অভিযোগ, জাপান যে পরিমাণ অত্যাচার, অবিচার, অন্যায় ও গণহত্যা চালিয়েছে, সে জন্য দেশটি যথেষ্ট অনুতপ্ত নয়।

যুদ্ধাপরাধী

যুদ্ধে নিহত নারী-পুরুষ-শিশুদের স্মরণে ১৯ শতকে ইয়াসুকুনির পত্তন করা হয়। এখানে সমাধিস্থ ২৫ লাখ মানুষের বেশির ভাগই সাধারণ মানুষ। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করার কারণে মৃত্যুদণ্ড পাওয়া কয়েক শ যুদ্ধাপরাধীকে এখানে সমাহিত করা হয়েছে। এসব মানুষের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপ বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল হাইডেকি তোজোও আছেন। তাঁকে ১৯৪৮ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়।