জাপানের প্রতিরক্ষা নীতি বদল, সামরিক ব্যয় বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান নতুন একটি জাতীয় নিরাপত্তা কৌশল এবং প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। প্রতিবেশী চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জাপান এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জাপান গতকাল মঙ্গলবার ঘোষণা দিয়েছে, তারা আগামী পাঁচ বছরে স্টিলথ প্রযুক্তির যুদ্ধবিমান, চালকবিহীন বিমান (ড্রোন), সাবমেরিনসহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম কিনবে। এ ছাড়া সামরিক বাহিনী নতুন মেরিন ইউনিট গঠন করবে।

প্রধানমন্ত্রী শিনজো আবের মন্ত্রিসভা গতকাল ২০১৪ থেকে ২০১৯ সাল মেয়াদে প্রতিরক্ষা খাতে ২৪ হাজার কোটি ডলার (২৪ দশমিক ৭ ট্রিলিয়ন ইয়েন) ব্যয়ের ব্যাপারে সম্মত হয়। সে হিসাবে আগামী পাঁচ বছরে সামরিক খাতে ৫ শতাংশ ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর থেকে এ পর্যন্ত দাপ্তরিকভাবে শান্তিবাদী হিসেবে পরিচয় জাপানের সামরিক বাহিনীর। জাপানি বাহিনী সুসজ্জিত ও পেশাগত দিক দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন হলেও তার কার্যক্রম মূলত আত্মরক্ষামূলক।

প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী একটি জাতীয় প্রতিরক্ষা পরিষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাপান।

প্রতিবেশী চীনের ক্রমেই মাথাচাড়া দিয়ে ওঠার পরিপ্রেক্ষিতে জাপানে শঙ্কা বাড়ছে। পূর্ব চীন সাগরে বেশ কিছু জনবসতিহীন দ্বীপের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই দেশ দুটির মধ্যে বিরোধ চলছে। পাশাপাশি উত্তর কোরিয়াও জাপানের জন্য বড় হুমকি।

গতকাল মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, টোকিও এমন একটি ‘গতিশীল যৌথ প্রতিরক্ষা বাহিনী’ গঠন করবে, যা অধিকতর কার্যকর-ভাবে বিমান, স্থল ও নৌবাহিনীকে সহায়তা করবে।

আবে বলেন, ‘আমরা সক্রিয় শান্তিবাদিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি ও স্থিতিশীলতার জন্য আরও অবদান রাখতে পারব বলে আশা করছি। এটা আমাদের দেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা নীতির স্বচ্ছতা তুলে ধরেছে।’

গত এক দশক ধরে জাপান তার প্রতিরক্ষা ব্যয় সংকোচনের নীতিতে ছিল। আগামী বছরের মার্চে শেষ হওয়া বর্তমান পাঁচ বছর মেয়াদে জাপানের প্রতিরক্ষা ব্যয় ছিল ২৩ দশমিক ৫ ট্রিলিয়ন ইয়েন। এই পরিমাণ বাড়িয়ে আগামী পাঁচ বছর মেয়াদের জন্য ২৪ দশমিক ৭ ট্রিলিয়ন করা হয়েছে। অবশ্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রয়োজনে ৭০০ বিলিয়ন ইয়েন কাটছাঁট করতে পারবে।

নতুন যেসব সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রয়েছে, তিনটি ড্রোন, ৫২টি উভচর যান, ১৭টি অসপ্রে হাইব্রিড হেলিকপ্টার এবং পাঁচটি সাবমেরিন। এ ছাড়া এজিস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পদ্ধতি সজ্জিত দুটি ডেস্ট্রয়ার এবং ২৮টি এফ-৩৫ জঙ্গি বিমানও থাকছে।

বিশ্লেষকেরা মনে করছেন, আপাতদৃষ্টিতে এসব সামরিক সরঞ্জাম জাপানের সেকেলে সরঞ্জামগুলোকে স্থলাভিষিক্ত করবে বলে মনে হলেও এখানে সামরিক বাহিনীকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়ার লক্ষণও স্পষ্ট।

টোকিওর তাকুশোকু বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক হিদেশি তাকেশেদা বলেন, ‘জাপান যে পূর্ব চীন সাগরে তার দ্বীপগুলো রক্ষার জন্য প্রতিরক্ষা খাতের দিকে জোরেশোরে নজর দিচ্ছে—এই ব্যয় বৃদ্ধি তার স্পষ্ট নিদর্শন।’ এএফপি ও বিবিসি।