জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোইয়ামার পদত্যাগ
জাপানের প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোইয়ামা গতকাল বুধবার পদত্যাগ করেছেন। সম্প্রতি ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন ঘাঁটি না সরানোর সিদ্ধান্ত নেওয়ায় তিনি দেশে কঠোর সমালোচনার মুখে পড়েন। এর জেরেই পদত্যাগ করলেন হাতোইয়ামা।ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) নেতা প্রধানমন্ত্রী হাতোইয়ামা পার্লামেন্টে তাঁর দলের সাংসদদের এক বিশেষ সভায় তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। হাতোইয়ামা বলেন, ‘সরকারের কাজে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটছে না। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ পদত্যাগের মূল কারণ হিসেবে ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়ার ব্যাপারে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারা এবং দলীয় তহবিল নিয়ে কেলেংকারির কথা উল্লেখ করেন তিনি। এই কেলেংকারিতে দলের মহাসচিব ইচিরো ওজায়া ও হাতোইয়ামার জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই ওজায়াকেও দলীয় পদ ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন হাতোইয়ামা।বিদায়ী প্রধানমন্ত্রী হাতোইয়ামা বলেন, ‘ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি।’ তিনি আরও বলেন, ‘পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র ও জাপানের পারস্পারিক সহযোগিতা জরুরি। তাই আমি ওকিনাওয়াবাসীকে এই কষ্ট সহ্য করার আহ্বান জানাচ্ছি। এ জন্য আমি সত্যিই দুঃখিত।’ নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত হাতোইয়ামা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। ডিপিজে কাল শুক্রবার দলীয় নেতা নির্বাচনের জন্য বৈঠকের পরিকল্পনা করেছে। পরে ওই নেতাই পার্লামেন্টে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হবেন। দলীয় নেতা অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী উপপ্রধানমন্ত্রী নাওতো কান প্রধানমন্ত্রী হাতোইয়ামার স্থলাভিষিক্ত হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তবে পররাষ্ট্রমন্ত্রী কাতসুয়া ওকাদা, পরিবহনমন্ত্রী সেইজি মায়েহারা এবং উপ-অর্থমন্ত্রী ইয়োশিহিকো নোদার নামও শোনা যাচ্ছে। ডিপিজের দলীয় সূত্রে জানা গেছে, আগামী সোমবার নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন।‘জাপানের কেনেডি’ পরিবারের সন্তান হাতোইয়ামা গত সেপ্টেম্বরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন। এর মধ্য দিয়ে দেশটিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের অর্ধ শতাব্দীর শাসনের অবসান ঘটে। কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার নয় মাসেরও কম সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে দিলেন হাতোইয়ামা। নির্বাচনী প্রচার চালানোর সময় হাতোইয়ামা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে তিনি এ বছরের মে মাসের মধ্যে ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেবেন। কিন্তু সম্প্রতি ওই প্রতিশ্রুতি থেকে সরে আসেন হাতোইয়ামা। এর জের ধরে রোববার হাতোইয়ামার নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)। এর আগে জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন ঘাঁটি রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির বিরোধিতা করায় তিনি এসডিপির নেতা মিজুহো ফুকুসিমাকে ভোক্তা মন্ত্রীর পদ থেকে অপসারণ করেন।জাপানে অবস্থানরত মোট মার্কিন সেনার মধ্যে অর্ধেকেরও বেশি (৪৭ হাজার) রয়েছে ওকিনাওয়া দ্বীপের ঘাঁটিতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভয়াবহ শব্দ, পরিবেশ দূষণ ও দুর্ঘটনাসহ নানা কারণে এই ঘাঁটি তাঁদের জীবন দুর্বিষহ করে তুলেছে। এএফপি।