জাপানের প্রধানমন্ত্রীর দৌড়ে পাঁচ নেতা
জাপানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) প্রধান হওয়ার প্রতিযোগিতায় গতকাল শনিবার নিজেদের নাম ঘোষণা করেছেন দলের পাঁচজন নেতা। প্রধানমন্ত্রী নাওতো কান দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করায় নতুন দলীয় প্রধানই দেশের পরবর্তী প্রধামন্ত্রী হবেন।গত শুক্রবার ডিপিজে প্রধানের পদ থেকে পদত্যাগ করেন নাওতো কান। নতুন প্রধান নির্বাচিত হলে তিনি প্রধানমন্ত্রী পদ থেকেও পদত্যাগ করবেন। এরপর নতুন দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী করতে পার্লামেন্টে ভোটাভুটি হবে। আগামীকাল সোমবার দলের নতুন প্রধান নির্বাচিত হওয়ার কথা রয়েছে। পরদিন পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হতে পারে।দলীয় প্রধান হওয়ার জন্য দলের যে পাঁচজন নেতা নিজেদের নাম ঘোষণা করেছেন, তাঁরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেইজি মাহেরা, অর্থমন্ত্রী ইয়োশিহিকো নোদা, বাণিজ্যমন্ত্রী বানরি কাইয়েদা, কৃষিমন্ত্রী মিশিহিকো কানো এবং অবকাঠামো ও পরিবহনমন্ত্রী সুমিও মাবুচি। প্রার্থীরা গতকাল শনিবার ও আজ সোমবার দুই দিন সময় পাচ্ছেন প্রচারণার জন্য। দলের ৩৯৮ জন সাংসদ মঙ্গলবার তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন।পাঁচ নেতার মধ্যে মাহেরার পেছনে দলের একটা বড় অংশের সমর্থন রয়েছে। কানের উত্তরসূরি হিসেবে জনমত জরিপে তিনিই এগিয়ে আছেন। তবে অর্থমন্ত্রী নোদাকেও জনপ্রিয় হিসেবে ধরা হচ্ছে।এ ছাড়া দলের একটি বড় অংশের নেতৃত্বে থাকা ইসিরো ওজাওয়া গত শুক্রবার বাণিজ্যমন্ত্রী কাইয়েদার প্রতি সমর্থন প্রকাশ করায় দলীয় প্রধান হওয়ার দৌড়ে তিনিও সামনের সারিতে চলে এসেছেন। গত মার্চে ভূমিকম্প ও সুনামির পর সৃষ্ট পারমাণবিক বিপর্যয় মোকাবিলায় সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলের মধ্যে নিজের অবস্থান শক্তিশালী করে নিয়েছেন এই অর্থনীতিবিদ।৪৯ বছর বয়সী মাহেরা নির্বাচনী তহবিলে দান নিয়ে কেলেঙ্কারির মুখে গত মার্চে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী হতে পারলে তিনি হবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী দেশের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। বাজেট ঘাটতি মোকাবিলায় কর বৃদ্ধির বিপক্ষে তিনি।যুদ্ধাপরাধীদের পক্ষে বিবৃতি দিয়ে সম্প্রতি বিতর্কের সৃষ্টি করেছেন অর্থমন্ত্রী নোদা। কর বৃদ্ধির বিষয়ে তিনি তাঁর আগের অবস্থান নমনীয় করেছেন। এএফপি।