জাপানের শেষ পারমাণবিক চুল্লি বন্ধের প্রক্রিয়া শুরু

জাপানে সর্বশেষ সচল থাকা পারমাণবিক চুল্লিটি বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া গতকাল রোববার শুরু হয়েছে। এর আগেও ফুকুশিমা বিপর্যয়-পরবর্তী সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জাপানে গত বছরের মে মাসে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল।
ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপর্যয়ের পর থেকে শিল্পোন্নত দেশটিতে পারমাণবিক জ্বালানিবিরোধী জনমত শক্তিশালী হয়। ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ২০১১ সালের মার্চে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন সেখানকার বেশ কয়েকটি চুল্লি বন্ধ হয়ে যায়। তেজস্ক্রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কায় আশপাশের হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে চলে যায়। ফুকুশিমা থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের বিদ্যুতের চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ পূরণ হতো।
কানসাই ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (কেইপিসিও) নামের একটি প্রতিষ্ঠান ফুকুই অঞ্চলের ‘ওই’ পারমাণবিক প্রকল্পের ৪ নম্বর চুল্লিটি গতকাল বিকেল থেকে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার কাজ শুরু করে। কেইপিসিওর একজন মুখপাত্র বলেন, এক দিনের মধ্যেই চুল্লিটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার কাজ সম্পন্ন হবে।
ফুকুশিমা বিপর্যয়-পরবর্তী সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিরাপত্তা তদারকির কাজে গত বছরের মে মাসে জাপানের ৫০টি বাণিজ্যিক পারমাণবিক চুল্লির সবগুলোই বন্ধ রাখা হয়। সেগুলো আবার সচল করার উদ্যোগ জনগণের বিরোধিতার মুখে ব্যাহত হয়। চার দশকের মধ্যে জাপান তখন প্রথমবার পারমাণবিক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল। সরকার তখন যুক্তি দেখায়, চুল্লিগুলো বন্ধ রাখা হলে জাপানে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
সরকার পরবর্তী সময়ে কেইপিসিওকে ‘ওই’ প্রকল্পের ৩ ও ৪ নম্বর চুল্লি দুটি চালু করার অনুমোদন দেয়। ফলে গত বছরের জুলাই মাস থেকে ওই চুল্লি দুটিতে পুরোদমে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। কিন্তু ৩ নম্বর চুল্লিটি চলতি মাসের শুরুর দিকে তদারকির জন্য বন্ধ করে দেওয়া হয়। দেশটির অন্যান্য পারমাণবিক চুল্লি বর্তমানে বন্ধ রয়েছে।
পারমাণবিক জ্বালানির বিরোধিতাকারী সংগঠন গ্রিনপিস জাপানের নির্বাহী পরিচালক জুনিচি সাতো গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, এখন দেশে কোনো চুল্লি সচল না থাকলেও বিদ্যুতের চাহিদা পূরণ হচ্ছে। এতে প্রমাণিত হয়, পারমাণবিক বিদ্যুতের প্রয়োজন নেই। জাপানের সামনে এখন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকারী শীর্ষ দেশ হওয়ার সুযোগ। এএফপি।