জাপানের সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব চীন সাগরে সীমানাবিরোধ নিয়ে জাপানের সঙ্গে শীর্ষ পর্যায়ে বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে চীন। এ বিষয়ে প্রশ্ন করা হলে দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী লি বাওদং নেতিবাচক জবাব দেন।সাংবাদিকদের লি বাওদং বলেন, ‘দুই দেশের নেতাদের বৈঠক তো কেবল করমর্দন ও ছবি তোলার জন্য নয়, যদি সেখানে সমস্যা নিষ্পত্তির কোনো সম্ভাবনা না থাকে। আলোচনা চাইলে জাপানকে লোক দেখানো তৎপরতা ও শূন্যগর্ভ সংলাপ বাদ দিতে হবে।’ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আগামী সপ্তাহে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের পাশাপাশি চীন-জাপান আলোচনার সুযোগ ছিল। সীমানাবিরোধ নিয়ে চীনের সঙ্গে সংলাপের ব্যাপারে জাপান আগ্রহ প্রকাশ করেছে। পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপের মালিকানা উভয় দেশই দাবি করে আসছে। জাপানে সেনকাকু ও চীনে দিয়াওউ নামে পরিচিত ওই দ্বীপপুঞ্জটি জাপানের নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন তিনটি দ্বীপ গত বছর কিনে নিয়েছে জাপান। এতে চীন ক্ষুব্ধ হয়। এরপর থেকে ওই এলাকায় চীনের সরকারি জাহাজের যাতায়াত শুরু হয়। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। চীনের কোস্টগার্ডের তিনটি জাহাজ গত মঙ্গলবারও ওই দ্বীপ এলাকায় যায়। জাপানের বিরক্তি: এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন জাপানকে ‘অতীতের দিকে ফিরে তাকিয়ে’ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো করার যে আহ্বান জানিয়েছেন দেশটি তাতে বিরক্তি প্রকাশ করেছে। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা মঙ্গলবার বলেন, জাপান দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে সংলাপের জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে সে সম্পর্কে বান পুরো সচেতন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। বিবিসি ও এএফপি।