জাপানের সামরিক মহড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা
জাপানের সেনারা গতকাল সোমবার প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বারে একটি দ্বীপে ভূমি থেকে জাহাজে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে ওকিনাওয়া দ্বীপে ১৮ দিনব্যাপী জাপানের সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়। তাদের এই মহড়ায় চীন উদ্বেগ প্রকাশ করেছে।
জাপানের কর্মকর্তারা বলছেন, কয়েকটি দ্বীপ নিয়ে দেশ দুটির মধ্যে বিরোধের প্রেক্ষাপটে প্রত্যন্ত অঞ্চলে আত্মরক্ষার শক্তি অর্জন করাই হলো মহড়ার উদ্দেশ্য।
জাপানের সেনাবাহিনীর বিশাল এই মহড়ায় অংশ নিচ্ছে ৩৪ হাজার সৈন্য। রয়েছে ছয়টি যুদ্ধজাহাজ, ৩৬০টি বিমান। আরও আছে এফ-১৫ ফাইটার বিমান ও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র।
প্রশান্ত মহাসাগরে চীনের অংশে সামরিক শক্তি বৃদ্ধি জাপানসহ এশিয়ার একটি অংশকে উদ্বিগ্ন করে তোলে। এ অবস্থায় টোকিওর সঙ্গে বেইজিংয়ের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এএফপি।