জাফনার সঙ্গে যুক্ত প্রধান সড়কটি চালু করেছে শ্রীলঙ্কা
তামিল টাইগারদের পরাজিত করার সাত মাস পর দেশের উত্তরের জাফনা উপদ্বীপের সঙ্গে সংযুক্ত প্রধান সড়কটি গতকাল বৃহস্পতিবার থেকে চালু করেছে শ্রীলঙ্কা সরকার।জাফনা উপদ্বীপ পুনরায় দখলে নেওয়ার জন্য শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন লিবারেশন টাইগারস অব তামিল ইলমের (এলটিটিই) আক্রমণ জোরদার করার পর ২০০৬ সালে এই এ-৯ মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়। ১৯৯৫ সালে সরকারি বাহিনী তামিল টাইগারদের কাছ থেকে জাফনার নিয়ন্ত্রণ নেয়। এর আগ পর্যন্ত জাফনা এলটিটিইর দখলে ছিল।এ-৯ সড়কের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য গেরিলা ও সেনাবাহিনীর মধ্যে বারবারই রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে এবং এতে হাজার হাজার মানুষ মারা গেছে।সমাজসেবামন্ত্রী ও জাফনার পার্লামেন্ট সদস্য ডগলাস দেবানন্দ উপস্থিত সাংবাদিক ও ব্যবসায়ীদের জানান, বৃহস্পতিবার থেকে সড়কটি দিনরাত খোলা থাকবে। এ ছাড়া এখন পর্যন্ত যেসব স্থানে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, তা শিগগির তুলে দেওয়া হতে পারে। তিনি বলেন, ‘দেশের উত্তরাঞ্চলে বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নিয়ে আমরা এখন কাজ করছি।’ এএফপি।