পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, তাঁরা জামায়াতে ইসলামির (জেআই) নিবন্ধন বাতিল করার জন্য দেশটির নির্বাচন কমিশনে আবেদন জানাবেন। দলটির প্রধান প্রধান সৈয়দ মুনাওয়ার হাসানের এক বিতর্কিত মন্তব্যের জের ধরে এই পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
পাকিস্তানি তালেবানের প্রধান হাকিমুল্লাহ মেহসুদ গত ১ নভেম্বর উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় নিহত হন। এরপর গত ৯ নভেম্বর এক টেলিভিশন অনুষ্ঠানে মেহসুদকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করেন পাকিস্তানি জামায়াতের আমির সৈয়দ মুনাওয়ার হাসান। তিনি বলেন, ড্রোন হামলায় মেহসুদ শহীদ হয়েছেন। তবে তালেবানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেসব পাকিস্তানি সেনাসদস্য নিহত হয়েছেন, তাঁরা শহীদ নন। কেননা, তাঁরা যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধ করেছেন।
মুনাওয়ারের এ মন্তব্য নিয়ে পাকিস্তানজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এই প্রেক্ষাপটে পিপিপির পক্ষ থেকে জেআইয়ের প্রধানকে গত সোমবার একটি আইনি নোটিশ দেন দলটির রাজনৈতিক উপদেষ্টা চৌধুরী ফাওয়াদ।
চৌধুরী ফাওয়াদ বিতর্কিত ওই মন্তব্য প্রত্যাহার করে নিতে জামায়াতের আমির মুনাওয়ারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন বলেও জানিয়েছেন তিনি।
ফাওয়াদ জানান, এরই মধ্যে তিনি একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। তবে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জেআইয়ের প্রধানের ওই বিতর্কিত মন্তব্যের ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালতেও একটি আবেদন দাখিল করতে বলেছেন।
উপদেষ্টা ফাওয়াদ ডনকে বলেন, ‘জামায়াতে ইসলামি যে অবস্থান নিয়েছে, তা নিশ্চিত করেছে, ওই বক্তব্য মুনাওয়ারের নিজস্ব নয়। ওটা জেআইয়ের দলীয় বিবৃতি। তাই আমি গণপ্রতিনিধিত্ব আদেশের (১৯৭৬) আওতায় জেআইয়ের নিবন্ধন বাতিল করার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনেও একটি আবেদন দাখিল করব।’
এদিকে একই দিন পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতি দিয়ে বলেছে, বিতর্কিত ওই মন্তব্যের জন্য মুনাওয়ারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানিরা, বিশেষ করে যাঁদের স্বজনেরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন, তাঁরা মুনাওয়ারের মন্তব্যে মর্মাহত হয়েছেন। এ জন্য তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ডন।