ভারতে ২জি (দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন) স্পেকট্রাম কেলেঙ্কারির ঘটনায় তামিলনাড়ুর ডিএমকে পার্টির এমপি কানিমোঝি ও কালাইগনার টেলিভিশনের প্রধান শারদ কুমারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার সকালে রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) বিশেষ আদালতে হাজির হয়ে তাঁরা জামিনের আবেদন করেন। আদালত এ আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সিবিআইয়ের বিশেষ বিচারক ও.পি. সাইনি বলেন, দুজনেরই (কানিমোঝি ও শারদ কুমার) জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো। সিবিআই গত ২৫ এপ্রিল সম্পূরক অভিযোগপত্রে কানিমোঝি ও শারদকে ২১৪ কোটি রুপির ২জি স্পেকট্রাম কেলেঙ্কারিতে ষড়যন্ত্রের সহযোগী হিসেবে উল্লেখ করে। কানিমোঝি ডিএমকের প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী করুণানিধির মেয়ে। বিচারক রায় ঘোষণার পর সাবেক যোগাযোগমন্ত্রী এ. রাজা প্রচণ্ড আহত বোধ করেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।