জামিন পেলেন বিনায়ক সেন
ভারতের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার মাওবাদী বিদ্রোহীদের সহযোগিতার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সমাজকর্মী বিনায়ক সেনকে জামিন দিয়েছেন।মাওবাদী গেরিলাদের শহরে নেটওয়ার্ক গড়ে তুলতে সহযোগিতা দেওয়ার দায়ে চিকিৎসক ও মানবাধিকার কর্মী বিনায়ক সেনকে গত ডিসেম্বরে কারাদণ্ড দেওয়া হয়।পণ্ডিত ও মানবাধিকার সংগঠনগুলো বিনায়ক সেনের বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাঁকে ‘বিবেকের বন্দী’ হিসেবে বর্ণনা করে।ভারতের মাওবাদী বা ‘নকশাল’ আন্দোলনের শক্ত ঘাঁটি ছত্তিশগড় রাজ্যে ক্লিনিক পরিচালনা করতেন বিনায়ক সেন। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করতেন তিনি।সুপ্রিম কোর্টের একটি দ্বৈত বেঞ্চ গতকাল বিনায়ক সেনকে জামিন দেন। বিচারপতি এইচ এস বেদি বলেন, ‘তিনি হয়তো নকশালদের সমর্থক। কিন্তু এটা তাঁকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করতে পারে না।’বিনায়ক সেনের আইনজীবী এস কে ফারহান বলেন, শুক্রবারের রুলিং আসন্ন আপিলের ব্যাপারে আশার সঞ্চার করেছে। তিনি বলেন, বিনায়ক সেন কোনো মাওবাদী সংগঠনের সদস্য—এ ব্যাপারে কোনো প্রমাণ নেই। এএফপি।