জামিন পেলেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আলোচিত বেলুচ নেতা বুগতি হত্যা মামলায় সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের জামিন মঞ্জুর করেছেন সে দেশের সুপ্রিম কোর্ট। গতকাল বুধবার মামলাটির শুনানিকালে তাঁর জামিন আবেদন গ্রহণ করেন সর্বোচ্চ আদালত।
বেলুচ জাতীয়তাবাদী নেতা নওয়াব আকবর খান বুগতি ২০০৬ সালের ২৬ আগস্ট সামরিক অভিযানের সময় এক বিস্ফোরণে নিহত হন। ওই সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ও সেনাপ্রধান মোশাররফ। প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত আয়ের একটা বড় অংশ প্রদেশকে দেওয়ার দাবিতে একটি সশস্ত্র আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন বুগতি।
সুপ্রিম কোর্টের বিচারপতি নাসিরুল মুলকের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চে বুগতি হত্যা মামলার শুনানি চলছে। বেঞ্চ প্রত্যক্ষ করেছেন, বুগতি হত্যার ঘটনায় মোশাররফকে সম্পৃক্ত করার মতো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। এ জন্য তাঁর জামিন মঞ্জুর করা হয়। জামিনের জন্য ১০ লাখ রুপি করে ২০ লাখ রুপির দুটি বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে মামলাটি দায়ের করেছিলেন বুগতির ছেলে জামিল আকবর বুগতি। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা এবং ক্ষমতায় থাকাকালে বিচারকদের আটকের ঘটনায় করা মামলারও আসামি পারভেজ মোশাররফ। ছয় মাসের বেশি সময় ধরে তিনি ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত তাঁর খামার বাড়িতে গৃহবন্দী রয়েছেন। ডন।